ভুটান ম্যাচ নিয়ে রণপ্রস্তুতি
ভুটানের সামনে দাঁড়াতে যেন রণসজ্জায় সজ্জিত হচ্ছে বাংলাদেশ ফুটবল দল। ভুটানের সঙ্গে প্লে-অফ দুটিতে ভালো করতে না পারলে এশিয়ান কাপের বাছাইয়ে যেতে পারবে না বাংলাদেশ। তাই সর্বশক্তি নিয়োগ করেছে বাফুফে।
৬ সেপ্টেম্বর ঢাকায় প্রথম প্লে-অফ সামনে রেখে বাংলাদেশ দল মালদ্বীপে ১ সেপ্টেম্বর একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। আজ থেকে প্রস্তুতি শুরু হচ্ছে। বঙ্গবন্ধু স্টেডিয়াম-সংলগ্ন একটি হোটেলে কাল সন্ধ্যায় ৩৩ খেলোয়াড়দের মধ্যে ২৭ জন উঠেছেন।
শেখ রাসেলের হয়ে এএফসি কাপের প্রাক-প্লে-অফ খেলতে ভুটানে আছেন জামাল ভূঁইয়া, আতিকুর রহমান মিশু, শাখাওয়াত রনি, রুবেল মিয়া ও নাসির উদ্দিন। শেষের দুজন চট্টগ্রাম আবাহনীর খেলোয়াড়। শেখ রাসেলের নিজস্ব খেলোয়াড় ও এই প্রথম ডাক পাওয়া ফরোয়ার্ড রুম্মন হোসেন ডেঙ্গু জ্বরে পড়ে হাসপাতালে ভর্তি।
তবে বাকি চার নতুন মুখ আরামবাগের ডিফেন্ডার মনসুর আমিন, বিজেএমসির দিদারুল আলম, রহমতগঞ্জের ফরোয়ার্ড মেহবুব হাসান নয়ন ও উত্তর বারিধারার মিডফিল্ডার সেন্টু চন্দ্র রোমাঞ্চটা উপভোগ করছেন। চাঁদপুরের ছেলে সেন্টু বারিধারার সূচনালগ্ন থেকেই খেলেছেন ওই দলে। ২০০৭ সালে শেখ রাসেল ঘুরে বছর দুয়েক ধরে আবার বারিধারায়। শেখ রাসেলের পর এবারই প্রথম প্রিমিয়ার লিগে খেলা এই লেফট উইঙ্গার কাল মাকে স্মরণ করলেন আলাদা করে, ‘আমি খেলার সময় মা ঠাকুরঘরে প্রার্থনা করতেন। সম্প্রতি তিনি মারা গেছেন, এই শুভ মুহূর্তে মাকে খুব মনে পড়ছে।’
টিটুর জায়গায় জাকারিয়া বাবু
জাতীয় দলে বিদেশি কোচের সঙ্গে কিছুদিন ধরে কাজ করছিলেন সাইফুল বারী টিটু। বিদেশি কোচ না থাকলে তিনিই হতেন প্রধান কোচ। তবে ভুটান ম্যাচে টিটু নেই। তিনি এখন আরামবাগের প্রধান কোচ। বিকল্প হিসেবে এই প্রথম জাতীয় দলের সঙ্গে সহকারী হিসেবে জুড়ে দেওয়া হয়েছে জাকারিয়া বাবুকে।
গোলরক্ষক কোচ হিসেবে আগে কাজ করে যাওয়া জার্মানির শোয়েচলারকে চেয়েও অবশ্য পাওয়া যাচ্ছে না। চলছে বিকল্প সন্ধান। তবে ফিটনেস ট্রেনার হিসেবে দক্ষিণ আফ্রিকার রাইডো বার্ডিয়েন আজ বিকেলেই নামছেন ঢাকায়। আর আজই আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে জাতীয় দলের কোচ টম সেন্টফিট ও টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলিকে। দুজনের সঙ্গেই চুক্তির কাজ পরশু সেরে ফেলা হয়েছে।