মালদ্বীপ ম্যাচের দলে নতুন মুখ ৪ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোচ টম সেন্টফিটের অধীনে ভুটান ম্যাচের জন্য জাতীয় দলের প্রস্তুতি। ছবি: প্রথম আলো।
কোচ টম সেন্টফিটের অধীনে ভুটান ম্যাচের জন্য জাতীয় দলের প্রস্তুতি। ছবি: প্রথম আলো।

আগামী ৬ সেপ্টেম্বর ও ১১ অক্টোবর এশিয়ান কাপ বাছাইপর্বের প্লে-অফে ভুটানের বিপক্ষে ম্যাচ বাংলাদেশের। তার প্রস্তুতি হিসেবে ১ সেপ্টেম্বর মালদ্বীপে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টম সেন্টফিটের দল। এই ম্যাচের জন্যই আজ ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), যাতে নতুন মুখ চারজন।

বাঁ পায়ের মাংসপেশিতে চোট পাওয়ায় জাতীয় দলের সঙ্গে মালদ্বীপ যাচ্ছেন না বর্তমান অধিনায়ক মামুনুল ইসলাম। ভুটানের বিপক্ষে ম্যাচে তাঁকে পাওয়ার জন্য প্রীতি ম্যাচটিতে বিশ্রাম দেওয়া হয়েছে এই মিডফিল্ডারকে। এর বাইরে একেবারেই নতুন হিসেবে ডাক পেয়েছেন জাফর ইকবাল, মোহাম্মদ আবদুল্লাহ, সেন্টু চন্দ্র সেন ও দিদারুল আলম।

প্রীতি ম্যাচটি খেলতে আগামীকাল দুপুরে মালদ্বীপ রওনা দেবে জাতীয় দল। আগামী ৬ সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে প্লে-অফের প্রথম ম্যাচটি হবে ঢাকায়। ১১ অক্টোবর থিম্পুতে অনুষ্ঠিত হবে অ্যাওয়ে ম্যাচটি। এই হোম-অ্যাওয়ে দুই ম্যাচে ভুটানকে পেছনে ফেলতে পারলে এশিয়ান কাপের বাছাইপর্বে খেলার সুযোগ পাবে জাতীয় দল।

মালদ্বীপ ম্যাচের জন্য বাংলাদেশ দল : শহীদুল আলম সোহেল, আশরাফুল ইসলাম রানা, ইয়ামিন আহমেদ মুন্না, তপু বর্মণ, নাসিরউদ্দিন চৌধুরী, মোহাম্মদ রায়হান হাসান, মোহাম্মদ মামুন মিয়া, মোহাম্মদ আরিফুল ইসলাম, প্রাণোতোষ কুমার দাস, মোহাম্মদ রেজাউল করিম, ওয়ালি ফয়সাল, শাখাওয়াত রনি, সোহেল রানা, ইমন মাহমুদ, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, রুবেল মিয়া, নাবিব নেওয়াজ জীবন, জাফর ইকবাল, মোহাম্মদ আবদুল্লাহ, দিদারুল আলম, সেন্টু চন্দ্র সেন, মোহাম্মদ সোহেল রানা, এনামুল হক শরীফ।