ভুটানকে গুঁড়িয়ে দিল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালের কাছে হেরে শিরোপা ধরে রাখার স্বপ্ন ধূলিসাৎ হয়েছে সেমিফাইনালে। তবে অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবলে বাংলাদেশ ভুটানকে যেভাবে হারাল তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে, তাতে ওই দুঃখে একটু সান্ত্বনা হয়তো মিলেছে। কাল নেপালের হালচুক স্টেডিয়ামে ভুটানের জালে গুনে গুনে আট গোল দিয়েছে ফয়সাল-মিরাজরা। গ্রুপ পর্বেই ভুটানকে বাংলাদেশ হারিয়েছিল ৩-০ গোলে। জাতীয় দল কিংবা বয়সভিত্তিক কোনো পর্যায়েই বাংলাদেশের ছেলেরা অনেক বছর এভাবে হেসেখেলে জয় পায়নি।

ম্যাচের ১৮ মিনিটেই ভুটানের সঙ্গে গোল উৎসবের শুরুটা করে ফয়সাল আহমেদ। সিরাজগঞ্জের এই কিশোর ৭ গোল করে হয়েছে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। দলের হয়ে দুটি করে গোল করেছে রাজা শেখ ও মিরাজ মোল্লা। ফয়সালের পাশাপাশি একটি করে গোল করেছে আকাশ মোল্লা, ইয়াসিন আরাফাত ও আরিফ হোসেন।

ফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে আবারও শিরোপা নিজেদের ঘরে নিয়ে গেছে ভারত। গতবার ভারতকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।