ভুটানি চেনচো হতাশ 'পাতানো খেলা'য়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবাহনী-শেখ জামাল ম্যাচটি পাতানো ছিল দাবি করলেন চেনচো। ছবি: প্রথম আলো।
আবাহনী-শেখ জামাল ম্যাচটি পাতানো ছিল দাবি করলেন চেনচো। ছবি: প্রথম আলো।

চট্টগ্রাম আবাহনী ভুটান থেকে তাঁকে নিয়ে এসেছিল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে। কিন্তু ভুটান জাতীয় দলের তারকা চেনচো গেলশেন এখন বেশ হতাশ। হতাশ বাংলাদেশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় তাঁর দলের অবস্থান দেখেই। আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিজেএমসিকে ৩-০ গোলে হারানোর পরও চট্টগ্রাম আবাহনী চ্যাম্পিয়ন হওয়ার সাহস দেখাতে পারছে না। লিগে বর্তমানে শীর্ষে থাকা ঢাকা আবাহনীর পয়েন্ট ৪৬। আজকের জয়ে ৪৩ পয়েন্ট নিয়ে দুইয়ে চট্টগ্রাম আবাহনী।
ঢাকা আবাহনী ও চট্টগ্রাম আবাহনী—দুই দলেরই লিগে ম্যাচ বাকি আছে দুটি করে। এই দুটি ম্যাচে দুই দলই যদি জেতে তারপরেও লিগ জিততে যাচ্ছে ঢাকার দলটিই। চট্টগ্রাম আবাহনীর লিগ চ্যাম্পিয়ন হওয়ার যে সম্ভাবনাটুকু ছিল, সেটি নাকি ‘শেষ’ হয়ে গেছে ‘পাতানো খেলা’র কারণেই। অন্তত চেনচোর দাবি তেমনই। কোনো রাখঢাক না রেখেই তাঁর দাবি, ‘ঢাকা আবাহনী ও শেখ জামালের ওই ম্যাচটি আমিও দেখেছি। আমার কাছে মনে হয়েছে ম্যাচটি পাতানো ছিল। এভাবে কেউ যদি পাতানো ম্যাচ খেলে তাহলে অন্যরা মাঠে ভালো করলেও চ্যাম্পিয়ন হওয়া কঠিনই হয়ে পড়ে।’
লিগে মাত্র ৬টি ম্যাচে খেলে ৪ গোল করেছেন চেনচো। চোটের কারণে দ্বিতীয় পর্বে সব ম্যাচ খেলতে পারেননি। এ জন্য নিজের পারফরম্যান্সে একটু হতাশই, ‘আসলে আমি আরও ভালো খেলতে পারতাম। তবে চোটের জন্য বিশ্রামে ছিলাম। বিশ্রাম সেরে উঠতে উঠতেই লিগ শেষ।’
আজ অবশ্য চেনচোময় ম্যাচই ছিল। দুটি গোল করেছেন, একটি করিয়েছেন। ম্যাচের ৪ মিনিটে প্রথম গোলটি করেন চেনচো, ৪৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। আর ৬৬ মিনিটে তারই বানিয়ে দেওয়া বলে হেডে ৩-০ করেন ইব্রাহিম।