ভুটানে আটকে গেলে সলিডারিটি কাপ
ভুটানের কাছে আটকে এশিয়ান কাপের বাছাইপর্বে যেতে না পারলে বাংলাদেশ আগামী দুই বছর এএফসির ম্যাচ পাবে না। সে ক্ষেত্রে প্লে-অফে বাদ পড়া দলগুলোকে নিয়ে ২-১৫ নভেম্বর মালয়েশিয়ার কুচিংয়ে সলিডারিটি কাপ আয়োজন করছে এএফসি। ওখানেই খেলতে হবে বাংলাদেশকে।
কুয়ালালামপুরে কাল চূড়ান্ত হয়েছে এই টুর্নামেন্টের গ্রুপিং। নেপাল, পাকিস্তান ও ব্রুনেই ‘ক’ এবং শ্রীলঙ্কা, ম্যাকাও ও মঙ্গোলিয়া ‘খ’ গ্রুপে পড়েছে। ১০ অক্টোবর এশিয়ান কাপ প্লে-অফের ফিরতি ম্যাচের পর বাকি দলগুলোর নাম জানা যাবে। তিমুর লেসতে-চীনা তাইপে এবং বাংলাদেশ-ভুটান ম্যাচে বাদ পড়া দল ‘ক’ এবং মালদ্বীপ-লাওস ম্যাচের জয়ী দল খেলবে ‘খ’ গ্রুপে।
বাংলাদেশ সলিডারিটি কাপে খেললে পড়বে পাঁচ দলের ‘ক’ গ্রুপে। ভুটান এএফসিকে জানিয়ে দিয়েছে, এই টুর্নামেন্টে তারা খেলবে না। এশিয়ান কাপের বাছাইপর্বে চোখ রেখেই যদিও বাংলাদেশ নিবন্ধন করে রেখেছে টুর্নামেন্টে।