
ম্যাচ শেষ হওয়ার অনেক পরে সংবাদ সম্মেলনে এলেন বাংলাদেশের কোচ সাইফুল বারী টিটু। মুখে রাজ্যের হতাশা। বিষণ্নতা ছড়িয়ে পড়ল তাঁর কণ্ঠে, ‘আমার কোচিং ক্যারিয়ারে এর চেয়ে বড় লজ্জা আর কিছু হতে পারে না!’
কোচের কাছে এটা লজ্জাই মনে হতে পারে। যে ভুটানকে গত আগস্টে নেপালে অনূর্ধ্ব-১৯ সাফে হারিয়েছিল ২-০ গোলে, যে ভুটান এই টুর্নামেন্টের বাছাইয়ের প্রথম ম্যাচেই ৭ গোল খেয়েছে উজবেকিস্তানের কাছে, সেই তাদের কাছে হারতে হারতে ড্র (১-১) করেছে বাংলাদেশ।
চূড়ান্ত পর্ব ওঠার লক্ষ্যে প্রথম দুটি ম্যাচ থেকে ৬ পয়েন্ট তুলে নিতে চেয়েছিলেন টিটু। কিন্তু তা আর হলো না। এক জয় ও এক ড্রয়ে ৪ পয়েন্ট এখন বাংলাদেশের। কাগজে-কলমে আশাটা আছে। কিন্তু বাস্তবতা অন্য রকম। শক্তিশালী উজবেকিস্তান কাল শ্রীলঙ্কাকে ৩–০ গোলে হারিয়ে টানা দুই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া প্রায় নিশ্চিত করে ফেলেছে। আগামীকাল তাদের হারানোটা হবে অলৌকিক ব্যাপার।
প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশের আত্মবিশ্বাস হারিয়ে গিয়েছিল ভুটান ম্যাচের প্রথমার্ধেই। ৬ মিনিটেই গোল খেয়ে বসে বাংলাদেশ। কর্নার থেকে উড়ে আসা নিরীহ একটি বল বক্সের মধ্যে দাঁড়ানো সোনম তবগে আলতো টোকায় ঢুকিয়ে দেন জালে। গোলরক্ষক আনিসুর জায়গা ছেড়ে বেরিয়ে এসেছিলেন, আর দুই ডিফেন্ডার সামনে দাঁড়িয়ে বল ঢুকতে দেখলেন জালে!
বাংলাদেশের লক্ষ্য ছিল প্রতিপক্ষের জালে দ্রুত গোল দেওয়া। উল্টো শুরুতেই খেয়ে বসে গোল। তবে গোল শোধে মরিয়া চেষ্টা চালিয়েছে বাংলাদেশ। ১৯ মিনিটে মান্নাফ রাব্বির শট গোললাইন থেকে বাঁচান ভুটানের অধিনায়ক চোকি ওয়াংচুক। আর অনেকগুলো সুযোগ নষ্ট করেছেন নিপু, মান্নাফ রাব্বি, রোহিতরা। কখনো বল তুলে দিয়েছেন প্রতিপক্ষের পায়ে, কখনো গোলরক্ষকের হাতে।
অবশেষে সমতাসূচক গোলটি পায় বাংলাদেশ ৭৭ মিনিটে। ইব্রাহিমের ফ্রি-কিকে মাথা ছুঁইয়ে সেটি করেন অধিনায়ক মাসুক মিয়া জনি। বাকি ২৩ মিনিটে প্রত্যয়দীপ্ত ভুটানিদের পরাস্ত করা যায়নি। বড় জয় দূর অস্ত, শেষ পর্যন্ত ড্র!
ম্যাচ শেষে ঘাসে মুখ গুঁজে পড়ে থাকতে দেখা গেল জনি-নিপু-রাব্বি-রোহিতদের। হতাশার অন্ধকার ঘিরে ধরল তাঁদের। আর কোচ তো বলেই ফেললেন, তাঁর রাতটা কাটবে নির্ঘুম! বাজে ফলের দায়টা নিজের কাঁধেই নিয়েছেন কোচ, ‘আমি সাধারণত ডাগ-আউট শান্ত থাকি। কিন্তু ভুটানের সঙ্গে পিছিয়ে পড়তে দেখে নিজেকে ঠিক রাখতে পারছিলাম না। দেশের মাটিতে ম্যাচটি জেতা উচিত ছিল। এই ব্যর্থতার দায়ভার আমারই।’ নেপালে সাফে খেলা ভুটানের চেয়ে এই দলটিকে শক্তিশালীই দেখছেন তিনি ‘নেপালে ওরা অতটা প্রস্তুত ছিল না। এবার অনেক প্রস্তুতি নিয়েই ঢাকা এসেছে।’ বাংলাদেশের কোচ হতাশ, হতাশ ভুটানের কোচ চোকি নিমাও, ‘এই ম্যাচে আমাদের লক্ষ্য ছিল সেরাটা দেওয়ার। আমার মনে হয় সেটা আমরা পারিনি।’