এক বিন্দুতে যেন মিলে গেছেন ভুটানের কোচ নাওয়াং দেনদুপ এবং বাংলাদেশের কোচ সাইফুল বারী টিটু। সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে খেলতে এখন নেপালে বাংলাদেশ দল। টুর্নামেন্টে ভালো করতে জাতীয় দলের সাফল্য থেকে অনুপ্রেরণা খুঁজছেন ভুটানের কোচ, আর বাংলাদেশ উজ্জীবিত হচ্ছে অনূর্ধ্ব-১৬ দলকে দেখে। গত মার্চে বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফে শ্রীলঙ্কাকে হারিয়ে চমকে দিয়েছিল দক্ষিণ এশিয়ার দুর্বলতম দল ভুটান। এটিকেই অনুপ্রেরণা হিসেবে নিচ্ছেন বয়সভিত্তিক দলের কোচ দেনদুপ। আর সদ্যই অনূর্ধ্ব-১৬ সাফজয়ী ছোটরাই বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অনুপ্রেরণা।
নেপালের স্থানীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে কোচ সাইফুল বারী টিটু কাল বলেছেন, ‘আমরা মাত্রই অনূর্ধ্ব-১৬ সাফে চ্যাম্পিয়ন হয়েছি এবং আমাদের ওপর আস্থা ফিরে এসেছে মানুষের। তাদের সমর্থন এই টুর্নামেন্টে আমাদের ভালো খেলতে সাহায্য করবে।’
কাঠমান্ডুতে কাল শুরু হয়েছে টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক নেপাল ৩-১ গোলে হারিয়েছে ভুটানকে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী নেপাল ও ভুটান। আগামীকাল বাংলাদেশের সাফ অভিযান শুরু হবে ভুটানের সঙ্গে ম্যাচ দিয়ে। ২৪ আগস্ট গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ ওই নেপালের সঙ্গেই।
প্রথম ম্যাচে নেপাল জেতায় বাংলাদেশের জন্য শেষ চারে ওঠার কাজটা একটু সহজই হয়ে গেল। আগামীকাল ভুটানকে হারাতে পারলেই সেমিফাইনাল নিশ্চিত। কোচ সাইফুল বারী আপাতত শেষ চারেই চোখ রেখেছেন, ‘অনেকেই বলছেন আমরা খুব সহজ গ্রুপে পড়েছি, কিন্তু আমি তেমনটা মনে করি না। আমরা খুবই সতর্ক এবং ধাপে ধাপে এগোতে চাই। আমাদের প্রথম লক্ষ্যই হবে সেমিফাইনালে পৌঁছানো।’
এই টুর্নামেন্টের জন্য বাংলাদেশ লম্বা সময় ধরে প্রস্তুতি নিতে পারেনি। তবে কোচ সেটিকে অজুহাত হিসেবে নিচ্ছেন না, ‘এই টুর্নামেন্টের জন্য মাত্র দেড় মাসের প্রস্তুতি নিয়েছি আমরা। বৃষ্টিতে অনুশীলন করতে সমস্যা হয়েছে আমাদের। তারপরও একসঙ্গে যে কদিন অনুশীলন করতে পেরেছি তাতে সন্তুষ্ট। এই দলে বেশ কয়েকজন প্রতিভাবান ফুটবলার আছে। এদের নিয়ে আমি আশাবাদী।’