
ম্যাচ শেষে ভুটানের ফুটবলাররা হাতে হাত ধরে মাঠে ল্যাপ অব অনার দিলেন। কিছুক্ষণ নাচলেন গোল হয়ে। পরে কাঁধে তুলে নিলেন জার্মান কোচ টর্সটেন স্পিটলারকে।
ঠিক উল্টো দৃশ্য বাংলাদেশের ডাগআউটে। মামুনুল, এনামুল, মিশুদের মুখগুলো অন্ধকার। কোচ টম সেন্টফিটের মুখটাও কালো।
ম্যাচের স্কোরলাইন বলছে ভুটান ৩: ১ বাংলাদেশ। কিন্তু এটাও যেন ম্যাচের সঠিক চিত্র নয়। ভুটানের নামের পাশে অন্তত ৬টি গোল লেখা থাকলেও অবাক হওয়ার কিছু থাকত না।
থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে কাল ভুটানের কাছে এশিয়ান কাপ বাছাই প্লে-অফের ফিরতি ম্যাচে ৩-১ গোলে হেরেছে বাংলাদেশ। আসলে হেরেছে ভুটানের ফরোয়ার্ড চেনচোর কাছেই। পেনাল্টি থেকে গোল করতে পারেননি বলে হ্যাটট্রিকবঞ্চিত হয়েছেন! তবে তার আগে তাঁর জোড়া গোলেই জয় নিশ্চিত হয়েছে ভুটানের। ভুটানের অন্য গোলটি জিগমে দর্জির। বাংলাদেশের সান্ত্বনাসূচক গোলটি করেছেন মামুনুল।
এই ভুটানকে একসময় বলেকয়ে হারাতে পারত বাংলাদেশ। কালকের আগ পর্যন্ত ১১ ম্যাচে ভুটান কখনো জেতেনি। বাংলাদেশের জয় ছিল ৮টি, ড্র তিনটি। এবারই প্রথম পরাজয়ের লজ্জা। এই হারে আগামী তিন বছর ফিফা-এএফসির কোনো ম্যাচ পাবে না বাংলাদেশ দল।
ভূপৃষ্ঠ থেকে ৭২১৮ ফুট উচ্চতায় খেলতে হয়েছে বাংলাদেশকে। টার্ফে খেলতেও অভ্যস্ত নয় মামুনুল-হেমন্তরা। ভুটানের সন্ধ্যার ঠান্ডার কথাও তোলা যেতে পারে। কিন্তু এগুলোকে অজুহাত করে লজ্জা ঢাকতে পারবেন না মামুনুলরা।
ঢাকায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে গত ৬ সেপ্টেম্বর প্রথম লেগে গোলশূন্য ড্র থাকায় কাল স্কোরলাইনে গোল লিখিয়ে ড্র করলেই চলত। কিন্তু ড্র দূরে থাক, বড় পরাজয় নিয়েই ঢাকায় ফিরছে বাংলাদেশ দল।
কাল শুরু থেকেই ভুটান ছিল আক্রমণাত্মক। চতুর্থ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল জিগমে দর্জি হেড করে পাঠান বাংলাদেশের জালে (১-০)। এরপর সময় যত গড়িয়েছে, বাংলাদেশ ম্যাচ থেকে ছিটকে পড়েছে একটু একটু করে। হেমন্ত, শাখাওয়াত রনি মাঝমাঠ থেকে সেভাবে বলের জোগানই পাননি। ২৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেছে ভুটান। বক্সের ওপর থেকে চেনচোর জোরালো শট গোলরক্ষক আশরাফুল রানার মাথার ওপর দিয়ে ঢোকে জালে (২-০)। দ্বিতীয়ার্ধে কিছুটা গুছিয়ে উঠে বাংলাদেশ ব্যবধান কমিয়ে ফেলে। ৬৩ মিনিটে ডান দিক থেকেফ্রি-কিকে মামুনুলেরহেড জালে ঢুকলে ড্রয়ের স্বপ্নও দেখতে শুরু করে (২-১)। সমতায় ফেরার ভালো একটি সুযোগ এসে গিয়েছিল ৭৪ মিনিটে। বাঁ প্রান্ত থেকে হেমন্তের ক্রসে এমিলির শট জমা পড়ে ভুটানের গোলরক্ষক হারিগুরুংয়ের হাতে। কিন্তু ২ মিনিট পরেই প্রতি আক্রমণ থেকে চেনচো করেন তাঁর দ্বিতীয় গোল। দুই ডিফেন্ডারের ফাঁক দিয়ে করা চেনচোর জোরালো শটে স্কোরলাইন ৩-১। এতেই এশিয়ান কাপ বাছাইপর্বে খেলার স্বপ্নটা ভেঙে খান খান, নিশ্চিত বাংলাদেশের ফুটবলের তিন বছরের আন্তর্জাতিক নির্বাসন!
বাংলাদেশ দল: আশরাফুল, রায়হান, তপু, মামুন মিয়া, মিশু, মামুনুল, শরীফ (জুয়েল), রুবেল, আবদুল্লাহ (এনামুল), হেমন্ত, রনি (এমিলি)।