ভুল উদযাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

অদৃশ্য অস্ত্র তাক করে আছেন গ্যালারির দিকে। এডিনসন কাভানির হাসি বলে দিচ্ছে, খুনোখুনির ইচ্ছা মোটেই ছিল না তাঁর। কিন্তু রেফারির ধারণা ছিল অন্য রকম। পরে সেটার জন্য মাঠ ছেড়েই যেতে হলো পিএসজির স্ট্রাইকারকে! পরশু লেঁসের সঙ্গে পিএসজির ম্যাচে পেনাল্টি থেকে গোলের পর গুলি করার ভঙ্গিতে উদ্যাপন করেছিলেন কাভানি। এর পরই রেফারি তাঁকে দেখিয়ে দেন হলুদ কার্ড। হতভম্ব উরুগুইয়ান স্ট্রাইকার এরপর তর্ক জুড়ে দেন রেফারির সঙ্গে। কিন্তু তর্কটা একটু বেশিই করে ফেলায় দেখতে হয় লাল কার্ড। তাও ভালো, পিএসজি শেষ পর্যন্ত ম্যাচটা ৩-১ গোলে জিতেছে। কাবাই ও ম্যাক্সওয়েল করেছেন অন্য দুটি গোল। কাভানি চলে যাওয়ার আগেই লেঁস ১০ জনের হয়ে পড়েছিল, আর শেষ পর্যন্ত ম্যাচ শেষ করেছে নয়জনকে নিয়ে। এএফপি।