প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কত সাধ করেই না জাতীয় দলের হয়ে ম্যাচ খেলতে গিয়েছিলেন বেনিক আফোবে। ১১ দিন আগে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে গিনির সঙ্গে ম্যাচ ছিল কঙ্গোর, সে ম্যাচে খেলার কথা ছিল আফোবের। কিন্তু বোর্নমাউথের কঙ্গোলিজ স্ট্রাইকার গিয়ে দেখলেন, তাঁর কাগজপত্রই আসেনি। তো খেলবেন কী? দোষটা কার? ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ)। কঙ্গোতে পাঠাতে গিয়ে আফোবের কাগজ তারা পাঠিয়ে দিয়েছে পাশের দেশ কঙ্গো রিপাবলিকে! আর্সেনালে যুব প্রকল্পে বেড়ে ওঠা আফোবে বয়সভিত্তিক দলগুলোয় ইংল্যান্ডের হয়েই খেলেছেন। কিন্তু সিনিয়র পর্যায়ে খেলতে চান বাবা-মায়ের দেশ কঙ্গোর হয়ে। তো সেটিরই কাগজপত্র পাঠাতে গিয়ে ভুলটা করে ফেলে ইংলিশ এফএ। কঙ্গো ও কঙ্গো রিপাবলিক—দুই কঙ্গোর মধ্যে ভজকট পাকিয়ে কাগজপত্র পাঠিয়ে দিয়েছে ভুল দেশে। ডেইলি মেইল।