ভুল করেছি, বললেন নেইমার

তাঁকে লিওনেল মেসির উত্তরসূরি হিসেবেই দেখে বার্সেলোনা। খেলার ধরনে বা জনপ্রিয়তায় মেসির সঙ্গে এখনই পাল্লা দিচ্ছেন। কিন্তু একটি জায়গায় বার্সা সতীর্থ থেকে বারবার পিছিয়ে পড়ছেন নেইমার। মাঠ বা মাঠের বাইরে নিয়ন্ত্রিত জীবন যাপনে মেসি সকলের আদর্শ। কিন্তু নেইমার মাঝে মধ্যেই মাঠে নিজের মেজাজ হারিয়ে দলকে বিপদে ফেলে দিচ্ছেন। গত কোপা আমেরিকায় কলম্বিয়ার বিপক্ষে লাল কার্ড দেখে ব্রাজিলকেও যেমন ফেলেছিলেন ভয়ানক বিপদে।
ঘটনার দুই মাস পরে নেইমার নিজের ভুল স্বীকার করে নিলেন। ওই লাল কার্ডে নেইমারের দায় কতটা এ নিয়ে পক্ষে-বিপক্ষে অনেক বিতর্ক হয়েছিল। তবে নেইমার সেসবের ইতি টেনে নিচ্ছেন পুরো দায় স্বীকার করে নিয়ে। এও বলছেন, দলের অধিনায়ক হিসেবে আরও দায়িত্ব নিয়ে খেলা উচিত ছিল তাঁর। এ ঘটনার জন্য তাই লজ্জিত।
এত দিন পর সেই ঘটনা নিয়ে প্রশ্ন করা হয়েছিল নেইমারকে। তিনি কি বিষয়টি নিয়ে হতাশ? নেইমারের পরিণত উত্তর, ‘বলব না আমি হতাশ। কারণ ভুলটি আমারই ছিল। ঘটনাটিও আমার দোষেই ঘটেছিল। আমি কিছু কাজে ভুল করেছি, সেগুলো থেকে শিক্ষাও পেয়েছি।’
ভুলের প্রায়শ্চিত্ত করবার জন্য মেসির পথই অনুসরণ করতে চাইছেন। রিওতেই অনুষ্ঠিত হবে পরবর্তী অলিম্পিক। দেশকে প্রথমবারের মতো ফুটবলের সোনা জিতিয়েই নিজের ভুল শোধরাতে চাইছেন, ‘আমার অলিম্পিক খেলার ইচ্ছে তো নতুন কিছু নয়। আশা করছি ক্লাব আমার এই ইচ্ছেকে সম্মান দেবে, আমাকে খেলার অনুমতি দিয়ে।’
ফুটবল আভিজাত্যে বিশ্বকাপ কিংবা কোপা আমেরিকার সঙ্গে অলিম্পিকের হয়তো কোনো তুলনাই চলে না। কিন্তু বিশ্বকাপের পর গত কোপা আমেরিকাতেও দলকে প্রত্যাশার প্রতিদান দিতে পারেননি বলেই হয়তো নেইমার এত মরিয়া। সূত্র: গোলডটকম।