ভুল জার্সি পরার অপরাধে লাল কার্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুজনের পরনে একই নম্বরের জার্সি, পেশাদার ফুটবলে এমনও সম্ভব!
দুজনের পরনে একই নম্বরের জার্সি, পেশাদার ফুটবলে এমনও সম্ভব!

ব্রাজিলে খেলতে গেলে সাবধান! ভুলেও অন্য কারও জার্সি গায়ে দেওয়া যাবে না। দিলেই কপালে জুটবে হলুদ কার্ড! বিশ্বাস না হলে ব্রাজিলের দ্বিতীয় বিভাগের দল মগি মিরিমের পাউলাওকে জিজ্ঞেস করুন। সতীর্থের জার্সি পরে মাঠে নামার কারণে মাঠ থেকেই বেরিয়ে যেতে হলো এই ডিফেন্ডারকে।
ব্রাজিল দ্বিতীয় বিভাগের দল মগি মিরিম ইদানীং খবরের শিরোনাম হচ্ছে নিয়মিত। ব্রাজিলের বিশ্বকাপ জয়ী দলের সদস্য রিভালদো ক্লাবটির মালিকানা কেনার পাশাপাশি এই বুড়ো বয়সে মাঠে নামা, ছেলের সঙ্গে মিলে একই দলে খেলে গোল করা...আলোচনায় তো থাকবেই। তবে এই প্রথম খবরের শিরোনাম হওয়ার পেছনে রিভালদোর কোনো ‘হাত’ ছিল না।
সেদিন ব্রাগান্তিনোর সঙ্গে ম্যাচ চলছিল রিভালদোর দলের। ম্যাচে তখন ১ গোলে পিছিয়ে ছিল তারা। এই অবস্থায় ম্যাচের চতুর্থ রেফারির চোখে ধরা পড়ল এক অদ্ভুত ব্যাপার। মগি মিরিমের ডিফেন্ডার পাউলাও এবং লেফট ব্যাক ফ্যাবিও সানচেজ দুজনই ৩ নম্বর জার্সি পরে মাঠে খেলছেন! একই নম্বরের জার্সি দুজনের!
ঝামেলা হয়েছিল প্রথমার্ধের বিরতির সময়। জার্সি পাল্টাতে গিয়ে এমন এক জার্সি পরেন পাউলাও, যে জার্সিতে ভুলে সানচেজের জার্সি নম্বর সেটে দেওয়া ছিল। রেফারির নজরে পড়ার সঙ্গে সঙ্গে হলুদ দেখিয়ে দেন। দুর্ভাগা ডিফেন্ডার এর আগেই একটি হলুদ কার্ড পেয়ে বসেছিলেন খেলার প্রথম অর্ধে। ফলাফল জার্সি দেখার অপরাধে দ্বিতীয় হলুদ কার্ড, এবং মাঠ থেকে বহিষ্কার। এমন অদ্ভুত ঘটনার ম্যাচটিও তারা হেরেছে ৩-২ গোলে।