ভুল বুটের কারণে বিশ্বকাপ জেতেনি আর্জেন্টিনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিয়েগো ম্যারাডোনা। ছবি: রয়টার্স।
ডিয়েগো ম্যারাডোনা। ছবি: রয়টার্স।

১১৩ মিনিট—এ ক্ষণটি বহুদিন মনে থাকবে আর্জেন্টিনা সমর্থকদের। এ সময়েই যে জার্মানির হাতে ‘খুন’ হয়েছিল আর্জেন্টিনার স্বপ্ন। ব্রাজিল বিশ্বকাপ ফাইনালে ১১৩ মিনিটে মারিও গোটশের গোলে ২৮ বছর পর বিশ্বকাপ জেতার স্বপ্ন ধূলিসাৎ হয়েছিল আকাশি-সাদাদের! ম্যাচের বাকি ছিল মাত্র সাত মিনিট!
কেন এমনটা হলো, এর একটা মজার ব্যাখ্যা দিয়েছেন ডিয়েগো ম্যারাডোনা। আর্জেন্টিনা নাকি বিশ্বকাপ জেতেনি ভুল বুটের কারণে!
আর্জেন্টিনা কিংবদন্তির মতে, এ ভুল বুটটা পরেছিলেন গঞ্জালো হিগুয়েইন! ম্যারাডোনা সম্প্রতি আর্জেন্টাইন টিভি ‘টিওয়াইসি স্পোর্ট’কে বলেছেন, ‘পিপা (হিগুইয়েনের ডাক নাম) একজন সহজাত স্ট্রাইকার। সে যদি ১০টা সুযোগ পায় তাহলে নয়বারই গোল করবে।’ অথচ সেই হিগুয়েইন ফাইনালে ছিলেন নিষ্প্রভ! ম্যানুয়েল নয়্যারকে একা পেয়েও গোল করতে পারেননি। অথচ যে গোলটি হয়তো করে দিতে পারত পাড়ার স্ট্রাইকাররাও।
সেই মিসটির দিকে ইঙ্গিত করে ম্যারাডোনা স্বভাবসুলভ ভাষায় বলেছেন, ‘ওই দিন আসলে ও ভুল পায়ে ভুল বুট পরেছিল।’
ম্যারাডোনার জীবনের একটা বড় অংশ জুড়ে রয়েছে মাদক-বিতর্ক। বললেন সে প্রসঙ্গেও। আর্জেন্টিনা কিংবদন্তির আত্মোপলব্ধি, ‘মাদক না নিলে হয়তো আরও বিস্ময়কর খেলোয়াড় হতে পারতাম।’ সূত্র: এএফপি ও গোলডটকম।