ভুল শোধরানোর দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ম্যাচের পর ঢাকায় এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবলে বাংলাদেশের সম্ভাবনা বলতে গেলে শূন্যই। সিরিয়ার কাছে ৪ গোলে হারের ক্ষতের সঙ্গে যে নিজেদের ব্যর্থতাও বেরিয়ে পড়েছে প্রকটভাবে। আজ তাই উজবেকিস্তানের সঙ্গে ড্রয়ের আশাও কঠিন।
সিরিয়া ম্যাচে ফ্রি-কিকে প্রথম ১৫ মিনিটেই ২ গোল হজম। গোলরক্ষক লিটনের শিশুতোষ ভুল, ডিফেন্ডার নাহিদের হাত দিয়ে বল ধরে পেনাল্টি দেওয়ার হাস্যকর কাণ্ডও আছে। শক্তিশালী প্রতিপক্ষের প্রাথমিক চাপের কাছেই ভেঙে চুরমার সব। শারীরিক সামর্থ্যের অভাব, উচ্চতা কম, মানসিকতায় পিছিয়ে—বাংলাদেশের খেলোয়াড়দের ঘাটতি অনেক। সিরিয়া-উজবেকিস্তান মানের দলের সঙ্গে সমান সমান লড়ার শক্তি বাংলাদেশের এখনো হয়নি।
উপরন্তু একই ভুল বারবার হচ্ছে। সাম্প্রতিক সময়ে ৭০-৮০ ভাগ গোলই বাংলাদেশ খাচ্ছে ফ্রি-কিক বা কর্নারে। কোচ লোডভিক ডি ক্রুইফের কথা খেলোয়াড়েরা শোনেন না, নাকি তিনি বোঝাতে পারেন না? কাল সংবাদ সম্মেলনে অধিনায়ক রায়হান হাসানকে প্রশ্নটা করা হলে ডি ক্রুইফ সংবাদ সম্মেলন শেষে প্রশ্নকর্তাকে বললেন, ‘বি কেয়ারফুল!’ বুঝিয়ে দিলেন এ ধরনের প্রশ্ন তাঁর পছন্দ নয়!
অথচ ওই প্রশ্ন ওঠা খুবই প্রাসঙ্গিক। খেলোয়াড়েরা দেখাতে পারছেন না যে, তাঁরা ভুল থেকে শিখছেন। তবু কোচের আশা, ‘আমরা ভুল থেকে শিখে উজবেকিস্তানের সঙ্গে লড়াই করতে চাই।’ গত এশিয়ান গেমসে এই উজবেকিস্তানের সঙ্গে নেমেই ৩ গোল খাওয়ার পর লড়াই করে গোল ঠেকিয়েছে বাংলাদেশ। আজ সন্ধ্যা ৬টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু ম্যাচে তাই লড়াইয়ের প্রত্যয় জানালেন অধিনায়কও।
এই উজবেকিস্তানকে পরশু ৮৭ মিনিট পর্যন্ত আটকে রেখেছিল ভারত। ভালো খেলেও নিজেদের ভুলেই পরে তারা ২ গোলে হেরেছে। এটাকে প্রেরণা মানছে বাংলাদেশ।
আজই বেলা ৩টায় দিনের প্রথম ম্যাচে সিরিয়ার সামনে ভারত। সংবাদ সম্মেলনে সিরিয়ার কোচ জয়ের ব্যাপারে বেশ আশাবাদী থাকলেন। ভারতের লক্ষ্য অঘটন।