ভুয়া ‘কোভিড নেগেটিভ’ কাগজ দেখিয়ে ব্রাজিল–আর্জেন্টিনা ফাইনাল দেখার চেষ্টা

মারাকানায় ফাইনাল দেখতে অতিথিদের সঙ্গে কিছু দর্শককেও গ্যালারিতে আসার অনুমতি দেওয়া হয়েছিলছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনাভাইরাস মহামারির মধ্যে কোপা আমেরিকার আয়োজন করে এমনিতেই সমালোচনার মুখে ছিল ব্রাজিল। ফাইনাল পর্যন্ত টুর্নামেন্টটি গড়িয়ে নিতে পারলেও আজ বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত এ ফাইনাল ঘিরে শুরু হয়েছে অন্য বিতর্ক। তবে মাঠের খেলার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

গোটা টুর্নামেন্টে গ্যালারিতে কোনো দর্শক ঢুকতে দেওয়া হয়নি। ফাইনাল দেখতে সাড়ে ছয় হাজার দর্শককে ঢোকার অনুমতি দেওয়া হয়েছিল মারাকানা স্টেডিয়ামে। এর মধ্যে অতিথিও ছিলেন হাজারের বেশি।

তাঁদের মধ্যে অনেকেই কোভিড-১৯ টেস্টে ভুয়া ‘নেগেটিভ’-এর কাগজ দেখিয়ে স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করেছেন বলে অভিযোগ তুলেছে দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (কনমেবল)।

এক বিবৃতিতে কনমেবল জানিয়েছে, ‘বেশ বড় সংখ্যার জাল পিসিআর পরীক্ষা ধরা পড়েছে’ অনুমোদিত অতিথিদের মধ্যে। কনমেবল জানিয়েছে, এসব অতিথিকে স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হয়নি। তবে এই জাল কাগজ দেখানোর সংখ্যাটা কত, তা জানায়নি কনমেবল। কোপা আমেরিকা ফাইনালে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে আর্জেন্টিনা।

মারাকানায় অনুষ্ঠিত হয় কোপা আমেরিকার ফাইনাল।
ছবি: রয়টার্স

বিবৃতিতে কনমেবলের পক্ষ থেকে তখন বলা হয়, ‘স্বীকৃত পরীক্ষাগার থেকে পরীক্ষার নেগেটিভ কাগজ দেখাতে হবে সব অতিথিকে। এর কোনো ব্যত্যয় হবে না। প্রিন্ট করা কপিটি সব সময় রাখার অনুরোধ করা হচ্ছে, যেন যেকোনো সময় তা যাচাই করে দেখা যায়।’

মারাকানা স্টেডিয়ামের দর্শকসংখ্যা প্রায় ৭৮ হাজার। রিও ডি জেনিরো সিটি হল কর্তৃপক্ষ ফাইনালে প্রায় সাড়ে ছয় হাজার অতিথিকে খেলা দেখতে দেওয়ার সিদ্ধান্ত নেয়। প্রথাগত পদ্ধতিতে কোনো টিকিট বিক্রি করা হয়নি।

এবার কোপা আমেরিকায় প্রথম ২৭ ম্যাচে কোনো দর্শক ঢুকতে দেওয়া হয়নি। ফাইনালে ব্রাজিল ও আর্জেন্টিনার দুই দলের পক্ষ থেকে ২ হাজার ২০০ করে অতিথিকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

অতিথিদের মুখে মাস্ক এবং দুই মিটার দূরত্বে বসা বাধ্যতামূলক করা হয়। কোনো খাবার ও পানীয় নিয়ে ঢুকতে দেওয়া হয়নি। করোনায় বিপর্যস্ত দেশগুলোর একটি ব্রাজিল। সাড়ে পাঁচ লাখের মতো মৃত্যু ঘটেছে করোনা মহামারিতে। যুক্তরাস্ট্রের পর ব্রাজিলেই সবচেয়ে বেশি লোক মারা গেছেন এ ভাইরাসে।