ভুটানকে হারিয়ে সান্ত্বনা খুঁজল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোল করলেও হ্যাটট্রিকটা পেলেন না সাখাওয়াত রনি। ছবি: সাফ চ্যাম্পিয়নশিপ ওয়েবসাইট।
গোল করলেও হ্যাটট্রিকটা পেলেন না সাখাওয়াত রনি। ছবি: সাফ চ্যাম্পিয়নশিপ ওয়েবসাইট।

সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায়-ঘণ্টা বেজে গেছে মালদ্বীপের কাছে নাস্তানাবুদ হয়েই। আজ ভুটানের বিপক্ষে বাংলাদেশের ‘বিদায়ী’ ম্যাচটি ছিল তাই নিজেদের সম্মান কিছুটা হলেও পুনরুদ্ধার করার। সেই লড়াইয়ে ৩-০ গোলে জিতে শেষটা অন্তত ‘ভালো’ হয়েছে বাংলাদেশের।

ভুটানের বিপক্ষে এই জয়ে কোনো গৌরব আছে কিনা, এ নিয়ে তর্ক হতেই পারে। স্কোরলাইনটা ৩-০ হলেও দশজনের ভুটান দলের বিপক্ষে বাংলাদেশের খেলোয়াড়দের পারফরম্যান্স হতাশার মাত্রাটা কিন্তু আরও বাড়িয়েছে।

সাখাওয়াত রনির ২ গোল আর তপু বর্মণের গোলে জয়টা এলেও, ভুটান কিন্তু বেশ কয়েকবারই আতঙ্ক ছড়িয়েছে বাংলাদেশের রক্ষণে। অভিজ্ঞতার ঘাটতিই ছিল সমস্যা। ভুটানি দল যেভাবে কয়েকটি আক্রমণ সাজিয়েছিল তাতে বাংলাদেশের জালে গোটা দুই বল ঢুকে গেলেও অবাক হওয়ার কিছুই থাকত না। মোটকথা এ ম্যাচে বাংলাদেশ জিতলেও ভুটান কিন্তু ফুটবলে উঠে আসার বার্তাটা দিয়েই রাখছে।

পরিষ্কার ব্যবধানে জিতলেও এই ম্যাচে বাংলাদেশের স্ট্রাইকারদের গোল করার ক্ষেত্রে ব্যর্থতাটা নতুন করেই চোখে পড়েছে। সাখাওয়াত রনির সঙ্গে নাবিব নেওয়াজ জীবনকে আজ প্রথম থেকে খেলিয়েছিলেন কোচ মারুফুল হক।

সাখাওয়াত দুটি গোল করলেও তিনি আন্তর্জাতিক ফুটবলে হ্যাটট্রিকের সুযোগটা হেলায় হারিয়েছেন। বাংলাদেশের এই স্ট্রাইকার আজ যতগুলো সুযোগ পেয়েছিলেন, তার প্রতিটি কাজে লাগাতে পারলে এই প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতার আসনে আজই বসে যেতেন। নাবিব নেওয়াজ জীবনও ভুটানি গোলরক্ষককে একবার একা পেয়েও জালে বল ঠেলতে পারেননি।

ম্যাচের ৬ মিনিটেই বাংলাদেশ এগিয়ে যেতে পারত। সাখাওয়াত রনির ক্রস থেকে ভুটানি গোলমুখে বল পেয়েও তা কাজে লাগাতে পারেননি মালদ্বীপ ম্যাচের গোলদাতা তপু বর্মণ। তবে এই তপুই দুই মিনিট পর ১-০ গোলে এগিয়ে দেন বাংলাদেশকে। মামুনুলের কর্নার ইয়াসিন হেড করে তপুর দিকে তুলে দিলে তিনি হেড করে বল ঠেলে দেন গোলে। ১৩ মিনিটের সময় নাবিব নেওয়াজ জীবন দুজন ভুটানি ডিফেন্ডারকে কাটিয়েও বল বাইরে মেরে দেন।

ম্যাচের ২৩ তম মিনিটে ‘সৌভাগ্যবশত’ একটা পেনাল্টি পেয়ে যায় বাংলাদেশ। তবে টেলিভিশন রিপ্লেতে দেখা গেছে ভুটানি রক্ষণভাগের খেলোয়াড় জিগমে দরজি বাংলাদেশের হেমন্তকে যে ফাউলটি করেন, সেটা বক্সের সামান্য বাইরেই ছিল। ভারতীয় রেফারি কেবল পেনাল্টির বাঁশিই বাজাননি, জিগমে দরজির জায়গায় চিমি দরজিকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন। ঘটনাটি অবাক করে দেয় সবাইকে।

পেনাল্টি থেকে দলকে ২-০ গোলে এগিয়ে দেন সাখাওয়াত রনি। খেলার ৪০ মিনিটে এই রনিই আরও একটি সুযোগ নষ্ট করেন। প্রথমার্ধের একেবারে অন্তিম মুহূর্তে বক্সের বাইরে থেকে মামুনুলের শট কোনোমতে রক্ষা করেন ভুটানি গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধে ভুটান বাংলাদেশের সীমানায় বেশ কয়েকটি আক্রমণ চালিয়েও সফল হয়নি। ৬৭ মিনিটে সাখাওয়াত রনি একটি সম্মিলিত প্রয়াস থেকে গোল করে দলকে এগিয়ে দেন ৩-০ গোলে।

খেলার শেষ দিকে গোলসংখ্যা বাড়ানোর কাজে ঝাঁপায় বাংলাদেশের ফুটবলাররা। হেমন্তের বদলি হিসেবে নামা জাহিদের একটি ক্রস থেকে ৭৪ মিনিটে গোল করতে ব্যর্থ হন নাবিব নেওয়াজ। খেলার একেবারে শেষ লগ্নে সোহেল রানার একটি তীব্র শট ভুটানি গোলরক্ষক ফিরিয়ে দিলে ৩ গোলে সন্তুষ্ট হয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।