ঘণ্টা তিনেক পরই কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নামার কথা ছিল তাদের। কিন্তু নেপালের ভয়াবহ ভূমিকম্পে এএফসি অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবলের আঞ্চলিক চ্যাম্পিয়নশিপের ফাইনালটাই কাল আর হলো না। ৭.৯ মাত্রার এই ভূমিকম্পের কারণে বাংলাদেশ-নেপাল ফাইনাল ম্যাচটি আপাতত স্থগিত করে দিয়েছে এএফসি।
কাঠমান্ডুতে বাংলাদেশের মেয়েরা নিরাপদেই আছে বলে জানিয়েছেন বাফুফের মহিলা কমিটির কো-চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ, ‘নেপালে মেয়েরা সবাই ভালো আছে। নিরাপদে আছে। তাদের সঙ্গে টেলিফোনে আমাদের কথা হয়েছে।’
ভূমিকম্প হওয়ার পর পরই হোটেল থেকে বেরিয়ে খোলা আকাশের নিচে চলে আসে বাংলাদেশ দলের সবাই। কারও কোনো ক্ষয়ক্ষতি তাই হয়নি। তবে দলটিকে কবে ঢাকায় ফিরিয়ে আনা হবে সে ব্যাপারে স্পষ্ট করে কিছু জানাতে পারেননি কিরণ, ‘আমরা এএফসির সঙ্গে কথা বলে জানাতে পারব বাংলাদেশ দল সেখানে থাকবে না চলে আসবে।’ এই ভূমিকম্পে কাঠমান্ডু আন্তর্জাতিক বিমানবন্দরও অচল হয়ে পড়েছে।