ভোটে কৌশলী, প্রশংসায় উদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরুর আগে সংবাদ সম্মেলনের পর নয়্যার-মেসি-রোনালদো l এএফপি
পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরুর আগে সংবাদ সম্মেলনের পর নয়্যার-মেসি-রোনালদো l এএফপি

তাঁরা একে অন্যের সবচেয়ে বড় প্রতিপক্ষ। ব্যালন ডি’অরের লড়াইয়ে ছিলেন সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীও। আর ভোটের লড়াইয়ে নেমে কি এমন ‘শত্রু’র বাক্সে নিজের ভোট দেওয়া যায়! রোনালদো-মেসির দুজনের কেউই সেই ‘ভুল’ করেননি। মেসিকে সেরা তিনে রাখেননি পর্তুগালের অধিনায়ক। রোনালদো ভোট পাননি আর্জেন্টাইন অধিনায়কের।
ব্যালন ডি’অরের লড়াইয়ে ভোট দিতে পারেন ফিফা সদস্য দেশগুলোর অধিনায়ক, কোচ আর একজন করে সাংবাদিক। সেরা তিনে থাকা লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদো আবার নিজ নিজ জাতীয় দলের অধিনায়কও। কিন্তু ট্রফির লড়াইয়ে যেহেতু একে অন্যের সরাসরি প্রতিপক্ষ, ভোট দিতে গিয়ে দুজনেই হেঁটেছেন কৌশলী পথে। মেসি তাঁর প্রথম পছন্দ হিসেবে বেছে নিয়েছেন স্বদেশি অ্যাঙ্গেল ডি মারিয়াকে, দ্বিতীয় পছন্দ ক্লাব সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তা, তিনে রেখেছেন ক্লাব ও জাতীয় দলের সতীর্থ হাভিয়ের মাচেরানোকে। এর মধ্যে ডি মারিয়া ছাড়া বাকি দুজন সেরা দশেই আসেননি। রোনালদোর তিনটি ভোট পেয়েছেন তাঁর তিন রিয়াল মাদ্রিদ সতীর্থ সার্জিও রামোস, গ্যারেথ বেল ও করিম বেনজেমা। সেরা দশে নেই এই তিনজনের কেউ।
ভোট দিতে গিয়ে এমন ‘কৃপণ’ হলেও ব্যালন ডি’অরের পুরস্কার বিতরণীর আগে সেরা তিনের তৃতীয়জন ম্যানুয়েল নয়্যারকে নিয়ে যৌথ সংবাদ সম্মেলনে কিন্তু মেসি-রোনালদো একে অন্যের প্রশংসা করেছেন উদার হয়ে। অতীতের কোন ফুটবলারের সঙ্গে খেলার স্বপ্ন দেখেন তাঁরা—এমন প্রশ্ন করা হয়েছিল তিনজনকে। জবাবে মেসি প্রথমে বলতে চাননি কারও নামই। ম্যানুয়েল নয়্যারও হেঁটেছেন কূটনৈতিক পথে। তবে সবাইকে অবাক করে দিয়ে রোনালদো দিয়েছেন প্রাণখোলা জবাব, ‘ফুটবলে অতীত বলতে কিছু নেই, সবই বর্তমান। সন্দেহ নেই, অতীতেও অনেক গ্রেট ফুটবলার ছিলেন। কিন্তু আমি যদি মেসি আর নয়্যারের সঙ্গে এক দলে খেলতে পারি, তাহলে মজাই হবে।’ এরপরই মেসিকে জিজ্ঞেস করা হয়, রোনালদোর সঙ্গে একই দলে খেলার প্রস্তাবটা তিনি গ্রহণ করবেন কি না। এবার অবশ্য আর পাশ কাটানো জবাব দেননি মেসি, ‘আমি সব সময়ই বিশ্বের সেরা ফুটবলারদের সঙ্গে খেলতে আগ্রহী। এখনকার প্রেক্ষাপটে রোনালদোর সঙ্গে একই দলে খেলাটা একটু কঠিনই। আমরা সম্পূর্ণ দুই মেরুর দুই দলে খেলি। তবে যেহেতু আমি বিশ্বসেরা ফুটবলারদের সঙ্গে খেলতে ভালোবাসি আর রোনালদো তেমনই একজন, তার সঙ্গে খেলতে আমার ভালোই লাগবে।’ ফিফা ডটকম ও গোল ডটকম।