না হয় ক্লাসের সবচেয়ে চটপটে ছাত্রটি তিনি নন। তাই বলে গুরুমশাই তাঁকে শেষ বেঞ্চে বসিয়ে দেবেন! আন্তোনিও ভ্যালেন্সিয়া একটু অভিমান করতেই পারেন। তবে ম্যানচেস্টার ইউনাইটেড কোচ লুই ফন গাল কিন্তু তাঁকে ফুটবলের কারণে ‘শাস্তি’ দেননি। ভ্যালেন্সিয়া ইংল্যান্ডে খেলছেন আট বছর হয়ে গেছে। তার পরও ফন গাল মনে করেন, ইকুয়েডরের এই উইঙ্গার ইংরেজিতে এখনো সড়গড় নন। সে জন্য তাঁকে রীতিমতো গৃহশিক্ষকের কাছে ভাষাটি শেখার নির্দেশ দিয়েছেন। মজার ব্যাপার, ভ্যালেন্সিয়া আজ পর্যন্ত ইংরেজিতে কোনো সাক্ষাৎকার দেননি। ওল্ড ট্রাফোর্ডে অবশ্য ইংরেজিতে ব-কলমদের অভাব নেই। নবাগত অ্যাঙ্গেল ডি মারিয়া, মার্কোস রোহোর অবস্থা বেশি খারাপ, একটা শব্দ উচ্চারণ করতেই তাঁদের প্রাণান্ত হয়ে যায়। এঁদের দুজনকে শিখতে হবে গোড়া থেকে। রাদামেল ফ্যালকাওয়ের অবস্থা সেই তুলনায় ভালো। অ্যান্ডার হেরেরা ও ডেভিড ডি গিয়ার সঙ্গে তাঁকে মাধ্যমিক স্তরের পাঠ নিতে হবে। মেইল অনলাইন।