ভ্যালেন্সিয়ার জালে চার গোল বার্সার
এস্পানিওলের বিপক্ষে লা লিগায় ২-২ গোলে ড্র। এরপর ইউরোপা লিগে নেমেও বার্সেলোনা ড্র এড়াতে পারেনি। ইতালিয়ান ক্লাব নাপোলির সঙ্গে ১-১ গোলে ড্র করে কাতালান ক্লাবটি।
টানা দুই ম্যাচ ড্র করার পর আজ বড় জয়ের মুখ দেখল জাভি হার্নান্দেজের দল। ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে বার্সা।
গ্যাবন স্ট্রাইকার পিয়েরে এমেরিক অবামেয়াংকে একাদশে রেখে দল সাজান বার্সা কোচ জাভি হার্নান্দেজ। নিষেধাজ্ঞার কারণে ডিফেন্ডার জেরার্ড পিকেকে পায়নি বার্সা। ম্যাচের প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় জাভির দল।
২৩ মিনিটে অবামেয়াংয়ের গোলের ৯ মিনিট পর লক্ষ্যভেদ করেন ফ্রেঙ্কি ডি ইয়ং। বিরতির পর ৫২ মিনিটে সোলেরের গোলে ব্যবধান কমায় ভ্যালেন্সিয়া। কিন্তু ৬৩ মিনিটে পেদ্রির দারুণ এক গোলে আবারও জয়ের ব্যবধান বাড়ায় কাতালান ক্লাবটি।
৬৩ মিনিটে ম্যাচের সেরা গোলটি করেন পেদ্রি। ৩০ গজ দূর থেকে তাঁর নেওয়া শট ভ্যালেন্সিয়ার জালে জড়ায়। অবশ্য বলে অবামেয়াংয়ের ছোঁয়া ছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু গোলটা শেষ পর্যন্ত পেদ্রির নামের পাশেই বসেছে।
তবে বার্সার হয়ে এ ম্যাচেই গোলের খাতা খুলেছেন অবা। জর্দি আলবার পাস ধরে ২৩ মিনিটে গোল করেন তিনি। প্রথমার্ধে আক্রমণের পসরা সাজানো বার্সাকে দ্বিতীয় গোলটি এনে দেন ডি ইয়ং।
দেম্বেলের পাস থেকে গোলটি করেন তিনি। গাভির পাস থেকে নিজের দ্বিতীয় গোল তুলে নিয়ে বার্সাকে দারুণ প্রথমার্ধ এনে দেন অবা। এর আগে গত অক্টোবরে আর্সেনালের হয়ে সবশেষ গোলের মুখ দেখেছিলেন তিনি।
বিরতির পর ৫২ মিনিটে কার্লোস সোলেরে শক্তিশালী হেডে একটি গোল শোধ করে ভ্যালেন্সিয়া। এই জয়ে ২৪ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে টেবিলের চারে উঠে এল বার্সা। ২৫ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আতলেতিকো মাদ্রিদ।