ভ্যালেন্সিয়ার ঢিল পাটকেলে ফেরালেন রোনালদোরা
>♦ লিগে টানা দুই ম্যাচে জোড়া গোল রোনালদোর
♦ এক ম্যাচ কম খেলে তিনে থাকা ভ্যালেন্সিয়া থেকে দুই পয়েন্ট পিছিয়ে চারে রিয়াল মাদ্রিদ

অদৃশ্য ঢিল এমনিতেই উড়ে উড়ে আসছিল রোনালদোদের দিকে। লা লিগার শিরোপা দৌড় থেকে এক প্রকার ছিটকে গেছে রিয়াল মাদ্রিদ। কোপা দেল রেতেও পুঁচকে লেগানেসে থেমেছে দৌড়। সমালোচনার তির পিঠ-বুক ফেড়ে দিচ্ছিল। ম্যাচের আগে তো আসল ঢিলই পড়ল। ভ্যালেন্সিয়ার দর্শক যে ঢিল মেরেই অভ্যর্থনা দিল রিয়ালকে। ম্যাচে অবশ্য পাটকেল খেতে হলো তাদের। ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৪-১ গোলে হারিয়েছে রিয়াল।
ম্যাচ শুরুর আগে লা লিগায় তিনে ছিল ভ্যালেন্সিয়া (৪০ পয়েন্ট)। এ ম্যাচের পরও সেখানেই আছে তারা (৩৮ পয়েন্ট নিয়ে রিয়াল চারে)। নিজেদের মাঠ বার্নাব্যুতে ভ্যালেন্সিয়ার সঙ্গে ২-২ গোলের ড্র ম্যাচ দিয়েই আসলে শুরু হয়েছিল রিয়ালের এ মৌসুমের দুর্ভাগ্য। তাই এ ম্যাচে ভ্যালেন্সিয়াই ছিল ফেবারিট। ম্যাচের শুরু থেকে অবশ্য আক্রমণ করায় দুই দলই ছিল সমতায়। কিন্তু ১৫ মিনিটে বদলে গেল সব। ভ্যালেন্সিয়ার এক আক্রমণ থেকে বল পেয়ে গেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। নিজেদের অর্ধে পাওয়া সে বল নিয়ে ছুটলেন রোনালদো। বহুদিন পর সেই দুর্দান্ত গতির রোনালদোকে দেখা গেল। ভ্যালেন্সিয়া বক্সের কাছে এসে বল দিলেন মার্সেলোকে। সে বল আরেক পা ঘুরে আসতে আসতেই বক্সে ঢুকে গেলেন রোনালদো। তাঁকে আটকাতে পেনাল্টি দিয়ে বসল ডিফেন্ডাররা। এগিয়ে গেল রিয়াল (১-০)।

৩৫ মিনিটে এল রিয়ালের দ্বিতীয় গোল। এটিও রোনালদোর গোল, এটাও পেনাল্টি। তবে এবার সেটি আদায় করেছেন বেনজেমা। বক্সে উড়ে আসা এক বলে হেড করতে লাফিয়েছিলেন বেনজেমা। তাঁকে আটকাতে গিয়ে ফাউল করে বসে ভ্যালেন্সিয়ার ডিফেন্ডার। প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে গেল রিয়াল।
দ্বিতীয়ার্ধের শুরুতে অবশ্য ভ্যালেন্সিয়া ফিরে এল নতুন উদ্যমে। একের পর এক আক্রমণে কাঁপিয়ে দিচ্ছিল রিয়ালের রক্ষণ। ৫৭ মিনিটে এর ফলও পেয়ে গেল স্বাগতিক দল। দারুণ এক কর্নার করেছিলেন রিয়ালেরই একাডেমির সাবেক খেলোয়াড় পারেহো। সেখান থেকে হেডে ব্যবধান কমালেন সান্তি মিনা। আক্রমণের ধারা এরপরও কমেনি, উল্টো বেড়েছে। যে কোনো সময় ম্যাচে সমতা ফেরার সম্ভাবনা জাগিয়ে তুলছিল ভ্যালেন্সিয়া।
বদলি হিসেবে লুকাস ভাসকেজ ও মার্কো এসেনসিও নামার পর আবারও ম্যাচে ফেরে রিয়াল। ৮৩ মিনিটে তো ফরোয়ার্ডের ঈর্ষা জাগানো এক গোল করলেন মার্সেলো। বাঁ প্রান্তে এসেনসিওর সঙ্গে টানা ওয়ান-টু করে বল নিয়ে ঢুকে পড়লেন বক্সে। কাছের পোস্টে তাঁর নেওয়া শট আটকাতে পারেননি ভ্যালেন্সিয়া গোলরক্ষক (৩-১)। ভ্যালেন্সিয়ার ‘কফিনে’ শেষ পেরেক ঠুকেছেন টনি ক্রুস। আরেক বদলি নামা মাতেও কোভাচিচের পাস থেকে ক্রুসের শট ডান পোস্টের কোনায় আশ্রয় (৪-১) নিলে বড় জয় নিয়ে মাঠে ছেড়েছে রিয়াল।