প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্তান ও সাবেক স্ত্রীকে ভরণ-পোষণ দিচ্ছিলেন না। সেই মামলায় জড়ানোর পর ইকুয়েডর স্ট্রাইকার এনার ভ্যালেন্সিয়াকে আটকের নির্দেশ দেন আদালত। পুলিশও তৈরি ছিল পরশু বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে ইকুয়েডরের ম্যাচের পরই ভ্যালেন্সিয়াকে আটক করতে। এটা টের পেয়েই বিচিত্র এক পরিকল্পনা করলেন এভারটন স্ট্রাইকার। মাঠে চোট পাওয়ার অভিনয় করলেন। সেই অভিনয় এতই বাস্তব মনে হলো যে, মাঠ থেকেই তাঁকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। পুলিশ আর আটক করতে পারল না ‘আসামি’। ম্যাচটা ইকুয়েডর জিতেছে ৩-০ গোলে। কিন্তু সেটা ছাপিয়ে ভ্যালেন্সিয়ার এই নাটকই হয়ে গেছে বড় খবর। পরে অবশ্য আইনি প্রক্রিয়ায় আপাতত আটকাদেশ স্থগিত করতে পেরেছেন ভ্যালেন্সিয়া। তবে এখন তিনি কোথায় আছেন, কেউ জানাতে পারেনি। ফক্স স্পোর্টস।