ভ্যালেন্সিয়ায় চূর্ণ ব্রাদার্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাইফের ‘হ্যাটট্রিক হিরো’ ভ্যালেন্সিয়া
সাইফের ‘হ্যাটট্রিক হিরো’ ভ্যালেন্সিয়া

ব্রাদার্স এমন লজ্জায় পড়বে ভাবা যায়নি। সাইফ স্পোর্টিংয়ের কাছে উড়ে গেছে তারা ৫ গোলে। চলতি লিগে এখন পর্যন্ত এটিই সবচেয়ে বড় জয়। কলম্বিয়ান স্ট্রাইকার ভ্যালেন্সিয়া ওলায়ের সৌজন্যে ৩৩তম ম্যাচে এসে লিগটা দেখল প্রথম হ্যাটট্রিকও। দিনের দ্বিতীয় ম্যাচে মুক্তিযোদ্ধার বিপক্ষে শেখ জামালও জিতেছে দুই বিদেশি সলোমন ও মোমোদুর গোলে।

দুই ম্যাচে ৭ গোলের পাঁচটিই বিদেশিদের নামের পাশে। দিনটা ছিল বিদেশি খেলোয়াড়দেরই। তবে যে কারোরই দুঃখ হতে পারে ব্রাদার্সকে দেখে। মনে হলো, পাড়ার কোনো দল খেলেছে সাইফের সঙ্গে। দুর্বল গোলকিপিং, বালির বাঁধ রক্ষণ এবং নিষ্প্রভ মাঝমাঠ—দলটিকে এত দুর্বল লাগেনি আগে।

সাইফ বল নিয়ে ঢুকেছে আর বিনা বাধায় গোল করেছে। ব্রাদার্সের ফুটবলাররা ঠিকমতো প্রতিপক্ষকে মার্কিংই করতে পারেননি। আনকোরা নবীনদের নিয়ে দল গড়েছে ব্রাদার্স, ওই নবীনেরা স্নায়ুচাপে ভুগে গোলের রাস্তা করে দিয়েছেন সাইফকে। 

ব্রাদার্সের নবাগত কোচ নিকোলা ভিতোরোভিচ এসেই প্রথম ম্যাচটা জেতান। দ্বিতীয় ম্যাচে এমন বড় হারে সাইপ্রাসের ২৭ বছর বয়সী কোচ হতাশায় মুষড়ে পড়েন। খেলোয়াড়দের শিশুতোষ ভুলগুলো মানতে পারছিলেন না। বঙ্গবন্ধু স্টেডিয়ামে তাঁকে সান্ত্বনা দিচ্ছিলেন ব্রাদার্সের সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ।

সাইফের এটি টানা পঞ্চম জয়। একটা ফুরফুরে হাওয়া বইছে সাইফ শিবিরে। ৫ গোলের ৪টিই উইঙ্গার জুয়েল রানার তৈরি করে দেওয়া। যার মধ্যে আছে ভ্যালেন্সিয়ার ৩ গোল। দুই ম্যাচে ৫ গোল করে চট্টগ্রাম আবাহনীর সবুজের সঙ্গে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে এখন ভ্যালেন্সিয়া। তেমন দর্শনীয় গোল নয়, সুযোগে কাজে লাগিয়ে জালে বল ঠেলার কাজটা করেছেন ভ্যালেন্সিয়া। শেষ দুটি গোল করেছেন হেমন্ত ও ভ্যালেন্সিয়ার স্বদেশি লরদাবা।

শেখ জামালও জয়ের ধারায়

ছোট ডি-এর ভেতর থেকে দারুণ এক ভলিতে শেখ জামালকে এগিয়ে নেন সলোমন। এরপর মোমোদু ২-০ করলে মনে হচ্ছিল মুক্তিযোদ্ধা আর দাঁড়াতে পারবে না। তবে দুই গোলে পিছিয়েও ভালোই লড়াই করেছে লাল জার্সিধারীরা। সৈকত মুন্না ২-১ করলে ম্যাচ জমে ওঠে। কিন্তু সমতাসূচক গোলটি আর এল না। টানা দ্বিতীয় জয় নিয়েই ফিরেছে শেখ জামাল।

লক্ষণীয়, দুটি ম্যাচেই বেশির ভাগ গোল হয়েছে আলতো টোকায় না হয় সাধারণ কোনো শটে। দলগুলোর রক্ষণকাজটা যথেষ্ট দুর্বল লাগছে।