
গত মৌসুমে কলম্বিয়ার ঘরোয়া ফুটবলে ৭ গোল করেছিলেন হাম্বার আর্লি ভ্যালেন্সিয়া। সেই ভ্যালেন্সিয়াকেই সাইফ স্পোর্টিং ক্লাব এবার ঢাকায় উড়িয়ে এনেছে অনেক আশায়। কিন্তু ফেডারেশন কাপের দুই ম্যাচে ভ্যালেন্সিয়া সেভাবে মেলে ধরতে পারেননি নিজেকে। গোলের অনেক সুযোগ নষ্ট করেছেন। প্রিমিয়ার লিগের তিন ম্যাচেও গোল পাননি। অবশেষে ঢাকার ফুটবলে প্রথম গোলের দেখা পেলেন কলম্বিয়ান ফরোয়ার্ড। ভ্যালেন্সিয়ার আনন্দসন্ধ্যায় জিতল সাইফ স্পোর্টিংও। ভ্যালেন্সিয়ার গোলের সঙ্গে মতিন মিয়ার গোল মিলিয়ে প্রিমিয়ার লিগে কাল সাইফ ২-০ ব্যবধানে হারিয়েছে মুক্তিযোদ্ধাকে।
টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় তিনে উঠে এল সাইফ। ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে শেখ জামাল। শীর্ষে থাকা চট্টগ্রাম আবাহনীর পয়েন্ট ১৩। দুই ম্যাচ জয়ের পর হারল মুক্তিযোদ্ধা।
সাইফের জয়ের অন্যতম নায়ক ভ্যালেন্সিয়াকে গোল পেয়ে একটু বেশিই উচ্ছ্বসিত দেখাল। ম্যাচ শেষে ভাঙা ভাঙা ইংরেজিতে বললেন, ‘মি হ্যাপি।’ আক্রমণভাগে মতিনের সঙ্গে ভ্যালেন্সিয়ার রসায়নটা বেশ জমে উঠেছিল কাল। দুই প্রান্ত দিয়ে দুজন বারবার আতঙ্ক ছড়িয়েছেন মুক্তিযোদ্ধার রক্ষণে। জুয়েল রানাও দু-একবার গোল করার চেষ্টা করেছেন, কিন্তু বক্সে ঢুকে খেই হারিয়েছেন।
৫৩ মিনিট পর্যন্ত সাইফকে আটকে রাখে মুক্তিযোদ্ধা। গত দুই ম্যাচে মুক্তিযোদ্ধাকে জেতানো আমজাদ আলীকে কাল মাঠে খুঁজেই পাওয়া যায়নি। মিসরীয় স্ট্রাইকার জাকি সারহানও হতাশ করেছেন।
গোলের জন্য হন্যে হয়েই খেলেছে সাইফ। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়িয়েছে আরও। তবে গেরোটা খুলতে লেগে যায় ৫৪ মিনিট, খুলেছে ভ্যালেন্সিয়ার গোলে। ডান প্রান্ত দিয়ে ওভারল্যাপ করে বক্সে ঢোকা ডিফেন্ডার রিয়াদুল হাসানের ক্রসে বাঁ পায়ের জোরালো শটে ১-০ করেন ভ্যালেন্সিয়া। ৭৪ মিনিটে মতিন মিয়া ব্যবধান বাড়িয়েছেন। মতিনের জোরালো শট মুক্তিযোদ্ধার গোলরক্ষক উত্তম বড়ুয়ার হাতে লেগে ঢুকে যায় জালে। লিগে তিন ম্যাচে এটি মতিনের দ্বিতীয় গোল।
টানা জয়ে খুশি সাইফের কোচ টিম গ্র্যান্ট, টানা দুই ম্যাচে গোল পাওয়া মতিনের চোখেও খুশির ঝিলিক। গোলের সংখ্যাটা বাড়িয়ে নিতে চান সিলেটের ফুটবলার, ‘পরপর দুই ম্যাচে গোল পেলাম। এভাবে যদি খেলতে পারি তাহলে আশা করি প্রতি ম্যাচেই গোল পাব। বাজে মাঠের কারণে একটা নিশ্চিত গোল আজ নষ্ট হয়েছে। লিগ শেষে অন্তত ১৫-২০টি গোল নামের পাশে দেখতে চাই।’
বুকোলা জেতালেন আরামবাগকে
ঢাকার ফুটবলে মারুফুল হকের হাত ধরেই অভিষেক হয় বুকোলা ওলালেকানের। ২০০৮ সালে মোহামেডানের হয়ে প্রথম খেলেন। পরে মুক্তিযোদ্ধা, শেখ রাসেলেও খেলেছেন মারুফুলের অধীনে। কয়েক মৌসুম পর বুকোলাকে আবারও ঢাকায় এনেছেন আরামবাগের কোচ মারুফুল। কিন্তু কোচের আস্থার প্রতিদান দিতে পারছিলেন না এই নাইজেরিয়ান। অবশেষে গোল করে বুকোলা জেতালেন আরামবাগকে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল আরামবাগ ২-১ গোলে হারিয়েছে ব্রাদার্সকে। সর্বশেষ ১৪ ম্যাচ জয়হীন মারুফুল অবশেষে পেলেন জয়ের দেখা।
পাঁচ মিনিটে আরামবাগের প্রথম গোলটি আত্মঘাতী। ৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বুকোলা। যোগ হওয়া সময়ে একটি গোল শোধ করেন ব্রাদার্সের সিও জুনাপিও।