ভয় পাচ্ছেন না রোনালদো
কর ফাঁকি দেওয়ার অভিযোগ খণ্ডানোর ঐকান্তিক চেষ্টা চালিয়ে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এই লড়াইয়ে রিয়াল মাদ্রিদকে খুব ভালোভাবেই পাশে পাচ্ছেন পর্তুগিজ তারকা। এরই মধ্যে আবার স্পেনের সফলতম ক্লাবটির জন্য বিব্রতকর খবর হয়ে এসেছে তাদের সাবেক তিন খেলোয়াড়ের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ।
১৫০ মিলিয়ন ইউরো কর ফাঁকি দিয়েছেন রোনালদো—খবরটি প্রথম দেয় জার্মান সাপ্তাহিক ডার স্পাইজেল। পর্তুগালের অধিনায়ক শুরু থেকেই এর প্রতিবাদ করে আসছিলেন। যে প্রতিষ্ঠানের মাধ্যমে রোনালদো কর ফাঁকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে, সেই জেস্টিফিউট ২০১৫ সালে রোনালদোর আয়ের হিসাব দিয়েছে। কর পরিশোধের কাগজপত্র দেখিয়ে তারা জানিয়েছে, রোনালদো কর ফাঁকি দেননি।
জেস্টিফিউটের হিসাব অনুযায়ী ২০১৫ সালে রোনালদোর আয় ছিল ২২ কোটি ৫০ লাখ ইউরোর সামান্য বেশি। স্পেনের বাইরের আয় ২০ কোটি ৩৭ লাখ ইউরো। আর স্পেনে ২ কোটি ৩৫ লাখ ইউরো।
যেখানেই যাচ্ছেন, রোনালদোকে এখন খেলার চেয়ে বেশি কথা বলতে হচ্ছে কর ফাঁকির অভিযোগ নিয়ে। গত বুধবার বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচের পরও পর্তুগালের একটি টিভি তাঁকে এ নিয়ে প্রশ্ন করে। উত্তরে রোনালদো নিজেকে দাবি করেন কলঙ্কমুক্ত, ‘আপনার কি মনে হয় আমি উদ্বিগ্ন? যার কোনো দেনা নেই, তার কোনো ভয়ও নেই।’