ভয় যখন রেফারিকে নিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের রেফারি মার্ক গেগারের রেফারিং নিয়ে উঠেছে প্রশ্ন। ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্রের রেফারি মার্ক গেগারের রেফারিং নিয়ে উঠেছে প্রশ্ন। ছবি: রয়টার্স

ব্রাজিল-বেলজিয়াম কোয়ার্টার ফাইনাল ম্যাচটি চালাবেন সার্বিয়ার রেফারি মিলোরাদ মাজিচ। ব্রাজিল দলে এ নিয়ে একটা স্বস্তির হাওয়া দৃশ্যমান। যাক বাবা, বাঁচা গেল, মার্ক গেগার তো নেই!

প্রতিটি বিশ্বকাপেই একদম মাঠের মাঝখানে দু-একজন খলনায়কের আবির্ভাব ঘটে। এবার যেমন খলনায়ক হিসেবে চিত্রিত হয়েছেন যুক্তরাষ্ট্রের রেফারি মার্ক গেগার। যুক্তরাষ্ট্র নেই রাশিয়া বিশ্বকাপে, দুজন রেফারি প্রতিনিধিত্ব করছেন বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশটির। এবং প্রতিটি ম্যাচেই তাঁরা বুঝিয়ে দিচ্ছেন দাপট। জেয়ার মারুফো যেমন-তেমন, মার্ক গ্রেগার যেন সাক্ষাৎ ডোনাল্ড ট্রাম্পের লোক।

লুঝনিকি স্টেডিয়ামে পর্তুগালের কাছে এক গোলে হারের পর মরক্কোর ফরাসি কোচ হার্ভি রেনার্ড ভদ্রভাষায় মার্ক গেগারকে তুলেছিলেন কাঠগড়ায়। কিন্তু চুপ থাকেননি দলটির সেরা সৃষ্টিশীল মিডফিল্ডার নরদিন আমরাবাত। ম্যাচটি সঠিক বিচার করলে ওই ম্যাচে জয়ী দলের নাম পর্তুগাল, না হয় মরক্কো। আমরাবাত সরাসরি বলে দেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদো বক্সে আমার জার্সি টেনে ধরলেও রেফারি পেনাল্টি দেননি মরক্কোর পক্ষে। রেফারি পেপের কাছে গিয়ে জিজ্ঞেস করেন, তুমি কি দেখেছ রোনালদো তার জার্সি টেনে ধরেছে? এটা বিশ্বকাপ, কৌতুকের জায়গা নয়!’

ফিফা গেগারের পক্ষ নিয়ে আমরাবাতের অভিযোগই উড়িয়ে দিয়েছে।

গেগারকে তুমুল সমালোচনার মুখে পড়েছেন স্পার্তাক মস্কো স্টেডিয়ামে ইংল্যান্ড-কলম্বিয়া দ্বিতীয় রাউন্ডের ম্যাচ চালিয়ে। ডিয়েগো ম্যারাডোনা ধুয়ে দিয়েছেন গেগারকে। তাঁর চোখে যুক্তরাষ্ট্রের রেফারি বিশাল ডাকাতি করে কলম্বিয়ার হাত থেকে ম্যাচটি কেড়ে নিয়েছেন। যে পেনাল্টি থেকে গোল করে হ্যারি কেন জয়ের রসদ জুগিয়েছেন ইংল্যান্ডকে, ওটা পেনাল্টি ছিল না। দোষ তো কেনের, সে নিজেই জড়িয়ে ধরেছিল সানচেজকে। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সাহায্য কেন নিলেন না রেফারি। আসলে বেসবলের দেশের মানুষ ফুটবল রেফারিংয়ের কী বুঝবে! আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক কলম্বিয়ানদের কাছে ক্ষমা চেয়ে বলেছেন, কলম্বিয়ার বোঝা উচিত হারের জন্য তাদের খেলোয়াড়েরা দায়ী নন।

হোসে পেকারম্যানের মতো চুপচাপ নিপাট ভদ্রলোক কোচ ম্যাচের পর সংবাদ সম্মেলনে সরাসরি দায়ী করেছেন রেফারি গেগারকে। বলেছেন, ইংল্যান্ডের খেলোয়াড়েরা বারবার রেফারির ওপর চাপ প্রয়োগ করে তাঁর দলের বিপক্ষে ফাউল আদায় করেছেন। রেফারি ইংল্যান্ডের পক্ষে কাজ করে গেছেন।

কলম্বিয়ান স্ট্রাইকার রাদামেল ফ্যালকাওয়ের অভিযোগের তিরটা আরও ধারালো। ফ্যালকাও এর মধ্যে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য যোগসাজশ দেখেছেন। বিশেষ করে ভাষার নৈকট্যের কারণে। বলেছেন, ‘তিনি সব সময় ইংরেজিতে কথা বলে যাচ্ছিলেন, এটা নির্জলা পক্ষপাতিত্ব। ৫০-৫০ সিদ্ধান্তগুলো তিনি ইংল্যান্ডের অনুকূলেই দিয়ে গেলেন। নতুবা আমরা কেন ছয়টি হলুদ কার্ড দেখব?’

অনেকেই বলতে পারেন, সংখ্যাগত বিষয়ে জ্ঞান বেশি বলে এই রেফারির হাত দিয়ে হলুদ কার্ড বেশি বের হওয়াই উচিত। ছিলেন যুক্তরাষ্ট্রের পাইন বিচের গণিতের শিক্ষক। পুরোপুরিই রেফারিংয়ে মনোনিবেশ করতে ২০১৩ সালে শিক্ষকতা ছেড়ে দেন। মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত রেফারি তিনি। গত বিশ্বকাপে জার্মানির সঙ্গে ব্রাজিলের সেই ৭-১ গোলের লজ্জার ম্যাচে ছিলেন চতুর্থ রেফারি। এ পর্যন্ত বিশ্বকাপে পাঁচটি ম্যাচ চালিয়েছেন, ম্যাচ পিছু হলুদ কার্ড দেখিয়েছেন ২.৬টি করে।

গেগারকে নিয়ে বিতর্ক আগে থেকেই ছিল। ২০১৫ গোল্ড কাপের ঘটনায় আজও তাঁকে অভিসম্পাত দেয় পানামা। তাঁর বিরুদ্ধে পানামার অভিযোগ, ওই টুর্নামেন্টের সেমিফাইনালে তিনি ভুলভাবে পানামার এক খেলোয়াড়কে লাল কার্ড দেখান, বিতর্কিতভাবে পেনাল্টি দেন আর সে কারণেই মেক্সিকোর কাছে ২-১ গোলে তাদের হারতে হয়।

কাল শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনাল, রাশিয়া বিশ্বকাপ এখন কোনো দলের হাতে সোনার ট্রফিটা দেখেই ফেলেছে বলা যায়। চূড়ান্ত ধাপে এসে গেগারের মতো কোনো রেফারির অশুভ ছায়া যদি পড়ে কোনো দলের ওপর সে হবে হৃদয়বিদারক।

শুধু ব্রাজিল নয়, শেষ আটের বাকি সাত দলই প্রার্থনায় বসে গেছে, কোডেসাল-মরেনোর উত্তরসূরি হয়ে গেগার যেন কিছু করে না বসেন।
অংকশাস্ত্র তিনি ভালো বোঝেন, ফুটবলের আত্মা নয়!