ভয়ংকর বার্সেলোনাকেই পেল রিয়াল মাদ্রিদ
ফেব্রুয়ারিতে পিএসজি, মার্চে বার্সেলোনা—চ্যাম্পিয়নস লিগে এই হলো রিয়াল মাদ্রিদের দুই প্রতিপক্ষ। ভ্রুকুটির আগে পুরোটা পড়ুন। ছেলেদের চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর ড্রয়ে রিয়ালের প্রতিপক্ষ পিএসজি।
১৫ ফেব্রুয়ারি এ ম্যাচের প্রথম লেগ। ওদিকে নিয়নে আজ হয়ে গেল মেয়েদের চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের ড্র। সেখানে শেষ চারে ওঠার লড়াইয়ে এ দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হবে। মেয়েদের চ্যাম্পিয়নস লিগে গতবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা।
ডি স্টেফানো স্টেডিয়ামে প্রথম লেগে রিয়ালের মেয়েদের বার্সার মুখোমুখি হওয়ার সম্ভাব্য তারিখ ২২–২৩ মার্চ। ৩০–৩১ মার্চ বার্সার মাঠে ফিরতি লেগ। কোয়ার্টার ফাইনালে বাকি তিন লাইনআপ—লিওঁ বনাম জুভেন্টাস।
ফরাসি ক্লাবটি ইউরোপের অভিজাত এ টুর্নামেন্টে সাতবারের চ্যাম্পিয়ন। আর্সেনালের প্রতিপক্ষ জার্মান ক্লাব ভলসফবুর্গ। সর্বশেষ সংস্করণের সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল পিএসজি ও বায়ার্ন মিউনিখ এবার শেষ আটে একে অপরের মুখোমুখি হবে।
সেমিফাইনালের ড্র–ও হয়েছে আজ। রিয়াল–বার্সার মধ্যে বিজয়ী দল সেমিফাইনালে আর্সেনাল–ভলফসবুর্গের মধ্যে জয়ী দলের মুখোমুখি হবে। জুভেন্টাস–লিওঁ ম্যাচে বিজয়ী দল অপর সেমিফাইনালে বায়ার্ন–পিএসজির ম্যাচে জয়ী দলের বিপক্ষে লড়বে। সেমিফাইনাল প্রথম লেগের সম্ভাব্য তারিখ ২৩–২৪ এপ্রিল। ফিরতি লেগ ৩০ এপ্রিল ও ১ মে।
বার্সার মেয়েরা গত সংস্করণের ফাইনালে চেলসিকে ৪–০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হন। সে ম্যাচে গোল করার পাশাপাশি দারুণ খেলেন এবার মেয়েদের ব্যালন ডি’অর জেতা অ্যালেক্সিয়া পুতেল্লাস।
গ্রুপ পর্বে ৬ ম্যাচের সবগুলো জেতা বার্সা ২৪ গোলের বিপরীতে হজম করেছে মাত্র ১ গোল। ওদিকে রিয়াল নিজেদের গ্রুপে পিএসজির পর রানার্সআপ হয়ে পরের ধাপে উত্তীর্ণ হয়।
এ মৌসুমে লা লিগা পয়েন্ট টেবিলের শীর্ষেও বার্সার মেয়েরা। গত শনিবার রায়ো ভায়োকানোকে ৪–০ গোলে বিধ্বস্ত করে এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১০০ গোলের মাইলফলক ছুঁয়ে ফেলে কাতালান ক্লাবটি। লাগল মাত্র ২০ ম্যাচ!
সবগুলো ম্যাচই জয়ের পথে বার্সার মেয়েরা হজম করেছেন মাত্র ৫ গোল। এর মধ্যে লিগে ১৪ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকার পথে বার্সার মেয়েরা ৭৯ গোল করেছেন। ১৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে রিয়ালের মেয়েরা টেবিলের নয়ে।