ভয়ই ধরিয়ে দিয়েছিলেন তোরেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুস্থ হয়ে হাসপাতাল থেকে হাসিমুখে বেরিয়ে আসছেন ফার্নান্দো তোরেস—এই দৃশ্যটা দেখার অপেক্ষাতেই ছিলেন অ্যাটলেটিকো মাদ্রিদ-সমর্থকেরা। ফুটবল-ভক্তরাও l মার্কা
সুস্থ হয়ে হাসপাতাল থেকে হাসিমুখে বেরিয়ে আসছেন ফার্নান্দো তোরেস—এই দৃশ্যটা দেখার অপেক্ষাতেই ছিলেন অ্যাটলেটিকো মাদ্রিদ-সমর্থকেরা। ফুটবল-ভক্তরাও l মার্কা

পাশে দাঁড়ানো সতীর্থ হোসে জিমেনেজ অবিশ্বাসে-ভয়ে হাত দিয়ে মুখ ঢেকে রেখেছেন। প্রতিপক্ষ মিডফিল্ডার ফয়সাল ফজর তো দুই হাত জড়ো করে সৃষ্টিকর্তার প্রার্থনায়ই দাঁড়িয়ে গেছেন। আর ডাগআউটে কোচ ডিয়েগো সিমিওনে পাগলের মতো এদিক-ওদিক দৌড়াচ্ছেন, যেন বুঝে উঠতে পারছেন না কী করবেন।
এতটাই ভয় ধরিয়ে দিয়েছিল পরশু তোরেসের চোট!
হেড করতে গিয়ে দেপোর্তিভো লা করুনিয়া মিডফিল্ডার অ্যালেক্স বেরগানতিনিওসের সঙ্গে ধাক্কা লেগে মাটিতে পড়ে ঘাড়ে আঘাত পান তোরেস। মাঠেই বেহুঁশ হয়ে যান। তবে শেষ পর্যন্ত ভয়টা কেটে গেছে। মাঠ থেকে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরশু রাত হাসপাতালেই ছিলেন অ্যাটলেটিকো মাদ্রিদ স্ট্রাইকার। তবে গতকাল সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৩২ বছর বয়সী স্প্যানিশ।
ক্রিকেটে ফিল হিউজ, ফুটবলে দানি হার্কেদের মৃত্যুর পর, মাঠে এমন কিছু হলেই ভয়ের শীতল স্রোত নেমে যায় মেরুদণ্ড বেয়ে। পরশু দেপোর্তিভো-অ্যাটলেটিকোর ১-১ গোলে ড্র ম্যাচে যে আতঙ্ক পেয়ে বসেছিল ৮৫ মিনিটে। দেপোর্তিভোর সীমানায় বেরগানতিনিওসের সঙ্গে ধাক্কা লেগে মাটিতে পড়ে যান তোরেস। সঙ্গে সঙ্গেই দুই দলের কয়েকজন খেলোয়াড় দৌড়ে আসেন তোরেসের কাছে। ফিজিওরাও দৌড়ে এসে শুশ্রূষা দিতে শুরু করেন। কিছুক্ষণ পর হাসপাতালে নেওয়া হয় তাঁকে।
ম্যাচ শেষে অ্যাটলেটিকো কোচ ডিয়েগো সিমিওনেও বলছিলেন কতটা ভয়ংকর ছিল তোরেসের চোট, ‘বেঞ্চে বসেই আমরা শব্দটা শুনতে পেয়েছি। কী বাজেভাবে যে পড়েছে! আমরা ভয় পেয়ে গিয়েছিলাম—শব্দটা ফার্নান্দোর ঘাড় ভাঙার কি না!’
তেমন কিছু যে হয়নি, সেটি পরশু স্ক্যানের পরই জানা যায়। কাল সুস্থ হয়ে বাসায়ও ফিরে গেছেন চেলসি ও লিভারপুলের সাবেক স্ট্রাইকার। অ্যাটলেটিকোই টুইটারে জানিয়েছে, ‘অসাধারণ খবর। ফার্নান্দো হাসপাতাল ছেড়েছেন।’ তোরেস নিজেও টুইট করেছেন, ‘আমাকে শুভকামনা জানানোয় সবাইকে ধন্যবাদ। একটু ভয়ের ব্যাপার ছিল, এই যা। আশা করি, দ্রুতই মাঠে ফিরব।’
তোরেস সুস্থ হওয়ায় সবচেয়ে বেশি শান্তি পেয়েছেন বেরগানতিনিওসই। হাসপাতালে তোরেসের সঙ্গে দেখা করে ফেরার পর দেপোর্তিভো মিডফিল্ডার জানিয়েছেন, ‘ও ভালো আছে। আমাকে শান্ত থাকতে বলেছে। আর বলেছে এমন ঘটনা ফুটবলে ঘটতেই পারে।’ বিবিসি, মার্কা।