ভয়ডরহীন স্বাস্থ্যকর্মীদের মেসির ধন্যবাদ

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সবার সামনে আছেন তাঁরা। নিজেদের জীবন ঝুঁকিতে ফেলেই সেই স্বাস্থ্যকর্মীরা প্রতিনিয়ত জীবন বাঁচানোর লড়াই চালিয়ে যাচ্ছেন। করোনায় আক্রান্ত হয়ে মারাও গেছেন অসংখ্য স্বাস্থ্যকর্মী। ভয়ডরহীন সেই সব স্বাস্থ্যকর্মীদের এবার ধন্যবাদ দিলেন লিওনেল মেসি। বার্সেলোনার আর্জেন্টাইন মহাতারকা পরশু বিশেষ এক বার্তায় ধন্যবাদ দিয়েছেন বিশ্বজুড়ে লড়াই চালিয়ে যাওয়া সেই সব স্বাস্থ্যকর্মীকে।
গত শনিবার শেষ হয়েছে অষ্টম বিশ্ব স্বাস্থ্যকর্মী সপ্তাহ। সেই উপলক্ষেই স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ দিলেন ফুটবলে ইতিহাসের অন্যতম সেরা এই খেলোয়াড়। নিজের ইনস্টাগ্রামে ইউনিসেফের বিশেষ দূত মেসি লিখেছেন স্বাস্থ্যকর্মীদের নিয়ে, ‘গতকাল বিশ্ব স্বাস্থ্যকর্মী সপ্তাহ শেষ হলো। তাঁরা যে কাজ করছেন সেটির জন্য আমি ইউনিসেফকে সঙ্গে নিয়ে আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ জানাচ্ছি নাম না জানা সেই সব বীরকে, যারা পরিবার থেকে দূরে থেকে দিনরাত পরিশ্রম করে চলেছেন আমাদের কোভিড ১৯ ভাইরাস থেকে বাঁচাতে। ধন্যবাদ জানাচ্ছি কারণ এত কিছুর পরও তাঁরা কাজ করে যাচ্ছেন গর্ভবতী নারী, শিশু ও কিশোরদের যত্নে। #ঘরে থাকুন #ইউনিসেফ।’
করোনাভাইরাসে সবচেয়ে বেশি প্রাণহানি হওয়া দেশগুলোর মধ্যে আছে স্পেন। দেশটিতে ফুটবল বন্ধ হয়ে গেছে গত মাসেই। স্থগিত হওয়ার আগে মেসির বার্সেলোনা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ২ পয়েন্ট এগিয়ে ছিল। যাতে বরাবরের মতো সবচেয়ে বড় অবদান মেসিরই। করোনা সংকটে বার্সেলোনা ৭০ ভাগ বেতন কেটে নিয়েছে ফুটবলারদের। সেই আলোচনায় সামনেই ছিলেন আর্জেন্টাইন তারকা। অনেকেই মনে করেন মেসিরা ওই সিদ্ধান্ত মেনে নেওয়াতেই অন্যান্য ক্লাবও এই সিদ্ধান্ত নিতে পেরেছে।