মং-জুনের তোপ দুজনকেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনে প্রার্থী হলে কয়েকটা ব্যাপার কমবেশি সবাই করে। আগের দায়িত্বপ্রাপ্তদের দোষ-ত্রুটি তুলে ধরা, অন্য প্রার্থীদের সমালোচনা তো হয়ই। চুং মং-জুনও এর ব্যতিক্রম নন। দক্ষিণ কোরিয়ার এই ধনকুবের সামনের ফিফা সভাপতি পদে প্রার্থিতার ঘোষণা দিয়েছেন আগেই। কাল সংবাদ সম্মেলনে ধুয়ে দিয়েছেন এখনকার ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার ও সামনের নির্বাচনের প্রার্থী মিশেল প্লাতিনিকে।
একসময় ফিফার নির্বাহী কমিটির সদস্য ছিলেন মং-জুন। ফিফার সহসভাপতিরও দায়িত্ব পালন করেছেন। হুন্দাইয়ের অন্যতম এই স্বত্বাধিকারী ব্ল্যাটারকে চাঁছাছোলা ভাষায় সমালোচনা করেছেন, ‘ফিফা দুর্নীতির সঙ্গে এভাবে জড়িয়ে পড়ার আসল কারণ ৪০ বছর ধরে একই লোক এটা চালিয়ে যাচ্ছে। সর্বময় ক্ষমতাই সর্বগ্রাসী দুর্নীতির কারণ।’
এখন পর্যন্ত দৌড়ে উয়েফা সভাপতি মিশেল প্লাতিনিই এগিয়ে বলে মনে করা হচ্ছে। তবে মং-জুন প্লাতিনিকে যোগ্য মনে করছেন না, ‘আমার মনে হয় না মিশেলের এখনো প্রার্থী হওয়ার সময় হয়েছে। তার বয়স তো অনেক কম। ওর সমস্যা হচ্ছে ফিফায় দুর্নীতির ভয়াবহতা নিয়ে ও সেই অর্থে সচেতন নয়।’ আবার ইউরোপের বিরোধিতার পক্ষে মং-জুনের যুক্তি, ‘ইউরোপ সুস্থ ও সৎ একটা নেতৃত্ব উপহার দিলে ফিফায় এতসব ঝামেলা কি হতো? এটা কোনো সমালোচনা নয়, বরং আপনাদের জন্য ভাবনার খোরাক।’ এএফপি।