মডরিচকে চায় বার্সা সমর্থকেরা...রোনালদোকেও!

গত কয়েক বছরে এত যে দুর্দান্ত খেলছে বার্সেলোনা, এত সাফল্যও এসেছে, তার পেছনে সবচেয়ে বড় কারণ কী? লিওনেল মেসির নামটিই সবার আগে আসবে। গত দুই বছরে নেইমার ও লুইস সুয়ারেজের সঙ্গে মিলে তো দুর্দান্ত এক ‘ত্রয়ী’ই গড়ে তুলেছেন। কিন্তু আরও একটা প্রভাবক আছে বার্সার সাফল্যের পেছনে—মিডফিল্ড। সামনে মেসিরা গোলের পর গোল করে গেছেন, পেছনে জাভি-ইনিয়েস্তা-বুসকেটসরা দিয়ে গেছেন বলের জোগান আর নির্ভরতা। জাভি চলে যাওয়ার পর ইনিয়েস্তা-বুসকেটসের সঙ্গে যে দায়িত্ব ভাগাভাগি করে নিয়েছেন ইভান রাকিটিচ।
এ তো আগের হিসেব। যদি শুধু এই মৌসুমের হিসেবে যদি বলা হয়, বার্সার সবচেয়ে দুর্বল জায়গা কোনটি? উত্তরটা এখানেও একই হবে—মিডফিল্ড! তা দুর্বলতা ঘোচাতে অনেক খেলোয়াড়ের নামই জুড়ে যাচ্ছে বার্সার সঙ্গে। তবে কাতালান ক্লাবটির সমর্থকদের সবচেয়ে বেশি পছন্দ কাকে জানেন? মুন্দো দেপোর্তিভোর এক জরিপ জানাচ্ছে, চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার লুকা মডরিচ!
ইনিয়েস্তার বয়স হচ্ছে। ৩২ বছর বয়সে এসেও অবশ্য এখনো আগের মতোই ক্ষুরধার, হয়তো আগের চেয়েও বেশি সৃষ্টিশীল বার্সেলোনা মিডফিল্ডার। কিন্তু শরীরটাও তো ধকল সইতে হবে! কখনো টানা খেলার চাপ, কখনো চোট আগের মতো নিয়মিত খেলতে দিচ্ছে না ইনিয়েস্তাকে। রাকিটিচ প্রথম মৌসুমে এসে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন। বক্স টু বক্স মিডফিল্ডারের দুর্দান্ত উদাহরণ। কিন্তু এই মৌসুমে একটু যেন ফর্ম হারিয়ে ফেলেছেন বার্সার ক্রোয়েশিয়ান মিডফিল্ডার। কোচ লুইস এনরিকের সঙ্গেও বিবাদের গুঞ্জন শোনা যায়। সব মিলিয়ে দলে অনিয়মিত।
নিয়মিত, দলে অনেক দিন ধরে আছেন—এমন কোটায় আর একজনই আছেন বার্সার মিডফিল্ডে—বুসকেটস। কিন্তু এই মৌসুমে তিনিও ফর্ম হারিয়ে খুঁজছেন। আন্দ্রে গোমেজ, রাফিনহারাও দিতে পারছেন না ভরসা। সম্ভবত এ কারণেই বার্সেলোনা সমর্থকেরা খুঁজছেন সমাধান। তাই রোনালদো-বেল বা অন্য কেউ নয়, তাঁদের সবচেয়ে বেশি পছন্দ মডরিচকেই।
পুরো মৌসুমের টিকিট কিনেছেন (বার্সার বিখ্যাত সোশিও এঁরা), এমন ৩০০ জনের ওপর জরিপটা করা হয়েছে। কে কত শতাংশ ভোট পেয়েছেন, সেটি জানায়নি পত্রিকাটি। তবে ক্রমটা জানিয়েছে। তাতে দেখা যাচ্ছে, কোন খেলোয়াড়কে দলে দেখতে চান, এমন প্রশ্নে বার্সা সমর্থকদের ‘প্রথম’ চাহিদা মডরিচ। এরপর আছেন আর্সেনালের রাইট ব্যাক হেক্টর বেয়েরিন। তিনে ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার ডেভিড সিলভা।
ডিফেন্সেও রিয়াল খেলোয়াড়দের প্রতিই টানটা বেশি বার্সা সমর্থকদের। সার্জিও রামোসকে চান তাঁরা। তালিকায় এরপর আছেন শাখতার দোনেৎস্কের রাইট ব্যাক দারিও সর্না। এরপরই বার্সা সমর্থকদের চাহিদার তালিকায় আছেন ক্রিস্টিয়ানো রোনালদো, পাওলো দিবালা, কোকে, মার্কো ভেরাত্তি। কেউ কেউ আবার ভাবছেন, জাভি, সেস্ক ফ্যাব্রিগাস বা অ্যালেক্সিস সানচেজকে দলে ফেরানোটাই হবে বার্সার জন্য সবচেয়ে ভালো সমাধান। মুন্দো দেপোর্তিভো, মার্কা।