মডরিচে বাঁচল রিয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্দান্ত গোলের পর আনন্দে ভেসে গেলেন মডরিচ। ছবি: এএফপি।
দুর্দান্ত গোলের পর আনন্দে ভেসে গেলেন মডরিচ। ছবি: এএফপি।

ঘরের মাঠে বাঘ, কিন্তু বাইরে গেলেই বেড়াল। অন্তত গত দুই মাসে রিয়াল মাদ্রিদের দশাটা এমনই। শেষ পর্যন্ত প্রতিপক্ষের মাঠের গেরোটা খুলল গতকাল। গ্রানাডাকে ২-১ গোলে হারিয়ে নভেম্বরের শেষ সপ্তাহের পর এই প্রথম কোনো ‘অ্যাওয়ে’ ম্যাচে জয় পেল রিয়াল। এই জয়ের জন্য সবার আগে লুকা মডরিচকেই ধন্যবাদ দেবেন রিয়াল কোচ জিনেদিন জিদান।

৮৪ মিনিট পর্যন্তও কাল ড্র-ই মনে হচ্ছিল সম্ভাব্য ফল। ৩০ মিনিটে ড্যানি কারভাহালের ক্রস থেকে গোল করে রিয়ালকে এগিয়ে দিয়েছিলেন করিম বেনজেমা। নিজের সেরা সময়ই কাটাচ্ছেন রিয়ালের ফ্রেঞ্চ স্ট্রাইকার, গত পাঁচ ম্যাচে এটি তাঁর সপ্তম গোল। কিন্তু এর পরই গ্রানাডা চেপে ধরে দারুণভাবে। ম্যাচের ৬০ মিনিটে গোলও পেয়ে যায়। ইউসেফ এল আরাবি গ্রানাডার হয়ে গোল করে স্বাগতিকদের এনে দিয়েছেন উদ্‌যাপনের উপলক্ষ।

মডরিচ এই গোলের জন্য মনে মনে হয়তো নিজেকেই দায়ী করেছিলেন। তাঁর ভুল থেকেই যে মধ্যমাঠে বল খুইয়ে গোল খেয়েছে রিয়াল। ৮৫ মিনিটে ‘প্রায়শ্চিত্ত’ করলেন। বক্সের বাইরে থেকে মডরিচের গোলার মতো শটটা খুঁজে নেয় জাল। শেষ পর্যন্ত জয়টাও এসেছে ওই গোলেই।

জিনেদিন জিদান এখন নিশ্চয় হাঁপ ছেড়ে বেঁচেছেন। বার্নাব্যুতে রিয়াল পাঁচ-ছয় গোল হেসেখেলে দিলেও প্রতিপক্ষের মাঠে গিয়েই যেন জবুথবু হয়ে পড়ছে। শেষ পর্যন্ত ঘরের বাইরে লিগে প্রথম জয় পেয়েছেন জিদান। যার কল্যাণে গোলটা এসেছে, সেই মডরিচকে আরও বেশি দূর থেকে শট নেওয়ারও উৎসাহ দিলেন রিয়াল কোচ, ‘মডরিচের দারুণ গোলটাই আমাদের বাঁচিয়েছে, তিন পয়েন্ট এনে দিয়েছে। আমি ওর জন্য খুশি, আমি চাই ও এ রকম আরও গোল করুক। সে অনেক পজিশনে খেলতে পারে, দশ নম্বরেও।’ জিদান নিশ্চয় জানেন, দূর থেকে গোল করা মডরিচের কাছে একদমই নতুন কিছু নয়। রিয়ালের হয়ে মডরিচ লিগে যে নয়টি গোল পেয়েছেন, তার আটটি গোলই বক্সের বাইরে থেকে করা।

তারপরেও প্রতিপক্ষের মাঠে রিয়ালের এভাবে খাবি খাওয়া তো অশনিসংকেতই, তার ওপর চ্যাম্পিয়নস লিগেরও বাকি মাত্র দশ দিন। জিদান অবশ্য একটু আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করলেন, ‘আমরা যখন অন্যদের মাঠে খেলি, তখন ওদের সমর্থকেরাও দলের পেছনে থাকে। এটা খুবই স্বাভাবিক যে কাজটা সহজ হবে না। আর সহজ ম্যাচ বলতে কিছু নেইও, আপনাকে শেষ পর্যন্ত লড়াই করেই জিততে হবে।’

এই জয়ের পরও লিগে ৫০ পয়েন্ট নিয়ে তিনে আছে রিয়াল। ৫৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে বার্সা, তারা অবশ্য ম্যাচ খেলেছে একটি কম। ৫১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ।