মণিকাদের লক্ষ্য চূড়ান্ত পর্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিকদের প্রশ্নে রাঙামাটির কিশোরী মণিকা চাকমার মুখে প্রত্যয়দীপ্ত উত্তর, ‘দরকার হলে মাঠে জান দিয়ে দেব।’ বাফুফে ভবনের সংবাদ সম্মেলনকক্ষে উঠল হাসির রোল।
ঢাকায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে পরশু শুরু হচ্ছে এএফসি অনূর্ধ্ব-১৬ মেয়েদের ফুটবলের বাছাইপর্বের ‘বি’ গ্রুপের খেলা। গ্রুপের সেরা দুটি দল আগামী বছর খেলবে চীনে অনুষ্ঠেয় চূড়ান্ত পর্বে। শক্ত প্রতিপক্ষ ইরান, জর্ডান, ভারত ও সংযুক্ত আরব আমিরাতকে টপকে চূড়ান্ত পর্বে যাওয়াটা বেশ কঠিন। তবে বাস্তবতা মেনেও মাঠের লড়াইয়ে ছাড় দিতে রাজি নয় বাংলাদেশের মেয়েরা। অধিনায়ক মণিকার মুখে সেই লড়াইয়েরই প্রতিশ্রুতি।
অনুশীলনের জন্য পর্যাপ্ত সময় পায়নি অনূর্ধ্ব-১৬ দল। সারা দেশ থেকে বাছাই করা ৩৯ জন ফুটবলার নিয়ে গত ২২ আগস্ট শুরু হয়েছে আবাসিক ক্যাম্প। মাত্র দেড় মাসের মতো অনুশীলন যে মোটেও যথেষ্ট নয়, দ্বিধাহীনভাবেই সেটি মানলেন কোচ গোলাম রব্বানি, ‘এটা সত্যি, এত অল্প সময়ের অনুশীলনে ভালো কিছু করা সম্ভব নয়। তবু আরব আমিরাতের সঙ্গে জিততে চাই, আর অন্যদের সঙ্গে লড়াই করতে চাই। সেরা দুই দলের একটি হিসেবে যেতে চাই চূড়ান্ত পর্বে।’
দেশের মাটিতে খেলা। বাংলাদেশের সব ম্যাচ হবে রাতে। এ জন্য প্রতিদিন নিয়মিত দুই বেলা অনুশীলন হয়েছে, দিনের দ্বিতীয় সেশনটি হয়েছে সন্ধ্যায় ফ্লাডলাইটে। জাতীয় মহিলা দল ও নারায়ণগঞ্জ জেলা দলের সঙ্গে এই মেয়েরা খেলেছে ৬টি প্রস্তুতি ম্যাচ। আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের মেয়েদের ফুটবলের ইতিহাস ভূরি ভূরি গোল খাওয়ার। তবে গোলাম রব্বানি আশ্বাস দিলেন, এবার সেটা হবে না, ‘আগে আমরা হারার আগেই হেরে বসতাম। এবার প্রতিটি দলের সঙ্গে লড়াই করব। আমাদের জালে গোল দেওয়া সহজ হবে না।’
অনুশীলনের পাশাপাশি প্রতিপক্ষদের সম্পর্কে ধারণা দিতে জর্ডান, ইরান ও ভারতের বিভিন্ন বয়সভিত্তিক দলের খেলার ভিডিও দেখানো হয়েছে ফুটবলারদের। বাংলাদেশ প্রথম ম্যাচেই দাঁড়াবে শক্তিশালী জর্ডানের সামনে। এই দলটিকেই বেশি সমীহ মণিকার, ‘আমরা জর্ডানকেই সবচেয়ে কঠিন প্রতিপক্ষ ভাবছি। তবে যেহেতু দেশের মাটিতে খেলা, দর্শক সমর্থন পাব; আশা করি আমরা ভালো খেলব।’
এএফসির এই টুর্নামেন্টের ঢাকায় অনুষ্ঠেয় বাছাইপর্বে আর্থিক সহযোগিতা দেবে কেএফসি ও আম্বার গ্রুপ। সব খেলা সরাসরি সম্প্রচার করবে বাছাইপর্বের মিডিয়া সহযোগী বেসরকারি টেলিভিশন চ্যানেল নাইন। প্রতিটি ম্যাচের টিকিটের দাম ৫০ (সাধারণ গ্যালারি) ও ১০০ টাকা (ভিআইপি)। কাল সংবাদ সম্মেলনে তথ্যগুলো জানিয়েছেন বাফুফের মহিলা কমিটির কো-চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। উপস্থিত ছিলেন কেএফসির আঞ্চলিক ম্যানেজার চার্লস মিঠুন, চ্যানেল নাইনের কর্মকর্তা তানভীর খান ও আম্বার গ্রুপের আখতারুজ্জামান।

বাংলাদেশের খেলার সূচি
১৫ অক্টোবর জর্ডান
১৭ অক্টোবর সংযুক্ত আরব আমিরাত
১৯ অক্টোবর ভারত
২৩ অক্টোবর ইরান
* সব ম্যাচ বঙ্গবন্ধু স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টায়