মতিনের সেই গোল পাঠানো হয়নি পুসকাসে
শেষ প্রিমিয়ার লিগে মুক্তিযোদ্ধা সংসদের বিপক্ষে দুর্দান্ত গোল করেছিলেন সাইফ স্পোর্টিং ক্লাবের মতিন মিয়া। গোলটি পুসকাস অ্যাওয়ার্ডে পাঠাতে চেয়েও পাঠায়নি বাফুফে

কী দুর্দান্ত সলো গোলটাই না করেছিলেন মতিন মিয়া। নিজেদের ডিফেন্ডিং লাইনের একটু ওপরে বল পেয়ে সাপের মতো একে একে ডিফেন্ডারদের কাটিয়ে বের হয়ে যাচ্ছেন। আর তাঁর পেছন পেছন দৌড়াচ্ছেন প্রতিপক্ষ মুক্তিযোদ্ধা সংসদের খেলোয়াড়েরা। কিন্তু মতিনের গতি ও বল কন্ট্রোলের সঙ্গে কেউ পেরে উঠলেন না। মতিনকে ডি বক্সে দেখে পোস্ট ছেড়ে বের হয়ে এসেছিলেন গোলরক্ষক। তাঁকেও সাইড স্টেপে ছিটকে ফেলে ফাঁকা পোস্টে আয়েশি প্লেসিংয়ে গোল। চোখের শান্তির জন্য বারবার ইউটিউবে লুপ করে দেখার মতো এক গোল।
গত বছর ৭ ডিসেম্বর প্রিমিয়ার লিগে গোলরক্ষকসহ চার ডিফেন্ডারকে কাটিয়ে এমনই এক গোল করে তাক লাগিয়ে দিয়েছিলেন সাইফ স্পোর্টিংয়ের ২০ বছর বয়সী মতিন। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের মাঠের হিসাবে বল নিয়ে প্রায় ৮০ গজ পাড়ি দিতে মতিন সময় নিয়েছিলেন আনুমানিক ১০ সেকেন্ডের মতো। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছিল দুর্দান্ত গোলটির ভিডিও ফুটেজ। ক্যাপশনে ফুটবল দর্শকেরা লিখে দিয়েছিলেন, ‘বাংলাদেশের ফুটবলারের পায়ে এমন গোল অবিশ্বাস্য।’ গোলটি দেখে ঘুমকাতুরে বাফুফেও ক্ষণিক জেগে উঠে বলেছিল, ‘মতিনের গোল পুসকাস অ্যাওয়ার্ডের জন্য ফিফায় পাঠানো হবে। এই যুগে এই কাজ করা কোনো ব্যাপারই নয়।’ আসলেই মাউসের কয়েক ক্লিকেই ফিফার কাছে গোলটি পাঠিয়ে দেওয়া সম্ভব ছিল। কিন্তু এই ছোট কাজটি করতেই বেমালুম ভুলে গিয়েছে বাফুফে।
পেশাদার লিগ কমিটিতে মতিনের গোলটি পাঠানো হবে বলে সিদ্ধান্ত হয়েছিল বলে জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, ‘গোলটি এখন পর্যন্ত পাঠানো হয়নি। তবে পাঠানো হবে বলে পেশাদার লিগ কমিটিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এখন সুযোগ থাকলে পাঠানো হবে। ’ ফিফা ওয়েবসাইটের যে খবর সে অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বর বছরের সেরা গোলের পুরস্কার দেওয়া হবে। আর সেরা গোলের মনোনয়ন প্রাপ্ত দশ গোলের তালিকা জানিয়ে দেওয়া হবে ৩ সেপ্টেম্বর। সেদিন থেকেই আনুষ্ঠানিকভাবে ভোট গণনা শুরু হবে।
দেশের ক্ষয়ে যাওয়া ফুটবলেও অক্ষয়-অমর হয়ে যাওয়ার মতো কিছু ঘটনা ঘটে। কিন্তু সঠিক সংরক্ষণ কিংবা যথাযথ জায়গায় উপস্থাপনের অভাবে সবকিছু অগোচরেই থেকে যায়। মতিনের এই গোলটি পুসকাস অ্যাওয়ার্ডের জন্য পাঠানো হলে এবং শীর্ষ দশে স্থান পেলে অন্তত বিশ্ববাসী দেখতে পারত বাংলাদেশেরও ফুটবলকে কিছু দেওয়ার আছে।
ফিফা প্রতিবছর কিংবদন্তি ফুটবলার ফেরেঙ্ক পুসকাসের নামে বছরের সেরা গোলের জন্য যে ‘পুসকাস অ্যাওয়ার্ড’ প্রদান করে থাকে। সেখানে খেলোয়াড়ের প্রোফাইল বা সে কোন দেশের, তা দেখা হয় না। দুর্দান্ত সব গোলেরই মূল্যায়ন করে থাকে বিশ্ব ফুটবল সংস্থা। সে হিসাবে মেসি-রোনালদোদের মতো তারকা ফুটবলারদের হারিয়ে ২০১৬ সালের সেরা গোলের পুরস্কার জিতেছিলেন মালয়েশিয়ান সুপার লিগের দল পেনাংয়ের মোহাম্মদ ফাইজ সাবরি। ২০১৫ সালে মেসিকে হার মানতে হয়েছিল ব্রাজিলের গয়াস অঞ্চলের লিগে গোল করা ওয়েন্ডেল লিরার কাছে। কে জানে মতিনের গোলটাও হয়তো জায়গা করে নিতে পারত পুসকাসের মঞ্চে!
গোলটি দেখে নিতে পারেন