মদরিচের ‘ওই পাস সারা দিন ধরে দেখা যায়’
গোটা মৌসুমজুড়েই তিনি রিয়ালের জার্সিতে অনন্য, যেন রিয়ালের প্রাণভোমরা! কাল সান্তিয়াগো বার্নাব্যুতে চেলসিকে পেয়ে তিনি হয়ে উঠলেন আরও দুর্দান্ত। নিজের দক্ষতার পূর্ণ সদ্ব্যবহার কাল দেখা গেল তাঁর পায়ে।
একটা দল যখন ৩-০ গোলে পিছিয়ে পড়ে, তখন বিশেষ কিছুরই দরকার হয় ঘুরে দাঁড়াতে। চ্যাম্পিয়নস লিগে কাল রিয়ালের সেই ‘বিশেষ কিছু’ই ছিলেন লুকা মদরিচ। ৩৬ বছর বয়সী মদরিচ পুরো মৌসুমেই রিয়ালের পারফরম্যান্সে কেন্দ্রীয় চরিত্রের ভূমিকায়। কাল তো তিনি ছিলেন ত্রাতাই। ম্যাচের ৮০ মিনিটে ব্রাজিলিয়ান উইঙ্গার রদ্রিগোকে যে পাসটা তিনি বাড়ালেন, সেটি তো সারা দিন ধরেই দেখা যায়। ওই পাস হাজারবার দেখতেও দর্শকের ক্লান্ত হওয়ার কথা নয়।
বুটের আগা দিয়ে রদ্রিগোকে বাড়ানো ওই পাসই রিয়ালকে ম্যাচে ফিরিয়েছে। যে পাসটি মদরিচ বাড়িয়েছিলেন, ফুটবলে এর চেয়ে নিখুঁত আর শৈল্পিক কিছু করা কি সম্ভব! ওই একটি মুহূর্তেই ছত্রখান চেলসির রক্ষণভাগ। ম্যাসন মাউন্ট, আন্তোনিও রুডিগার আর টিমো ভেরনারের তিনটি গোলে চেলসি যে স্বপ্ন দেখা শুরু করেছিল, যে স্বপ্নের পথে অনেকটা এগিয়ে গিয়েছিল তারা, কিন্তু মদরিচের পাসে সমতায় ফিরতে হয়।
মদরিচের পাস ধরে গোলটা রদ্রিগোর, কিন্তু তাতে তো ম্যাচের স্কোরলাইন হলো ৩-১! আসল কাজটি অবশ্য ততক্ষণে সারা। দুই লেগ মিলিয়ে ম্যাচে তখন ৪-৪ সমতা। অতিরিক্ত সময়ে বাকি কাজটা সেরেছেন করিম বেনজেমা।
বিটি স্পোর্টসের বিশেষজ্ঞ রিও ফার্দিনান্দের মতে, মদরিচের ওই পাস অন্য জগতের। রক্তমাংসের ফুটবলের নয়। তিনি মজা করেই বলেছেন, মদরিচ কাল রদ্রিগোকে যে পাসটি বাড়িয়েছিলেন, সেটি ‘অবৈধ’। ফুটবল যে রক্তমাংসের মানুষেরই খেলা। মদরিচ যেটি করলেন, সেটি তো ‘জাদু’। ফুটবলে জাদুর বৈধতা আছে নাকি, ‘আমি চিৎকার করতে করতে গলা ভেঙে ফেলেছি। সেটি ওই পাসের জন্যই। এমন পাস কোনোভাবেই বৈধ হতে পারে না। পাসটি রীতিমতো অভূতপূর্ব।’
আরেক বিশেষজ্ঞ ও রিয়ালের সাবেক খেলোয়াড় স্টিভ ম্যাকমানামান বলেছেন, ‘মদরিচের এই পাস সারা দিন ধরে দেখা যায়। গোলের কথা ভুলে যান। কেবল পাসটা দেখুন।’
একটা দলে যখন দুর্দান্ত কোনো খেলোয়াড় থাকেন, তিনি দলের জন্য এমন মুহূর্তই উপহার দেন। মদরিচ কাল সে ধরনেরই একটা মুহূর্ত উপহার দিয়েছেন। জো কোলের মন্তব্যও ছিল এমনই, ‘উঁচুমানের খেলোয়াড়েরা সব সময় আপনাকে এমন কিছুই উপহার দেবে। মদরিচ কী চমৎকার একটা পাস দিল।’