মদরিচের ‘হারের সুখ’ আর বার্নাব্যুর ‘জাদু’

বেনজেমার গোল। সেমিফাইনাল নিশ্চিত রিয়ালেরছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরের মাঠে প্রথম লেগে ৩-১ গোলে হারের পর কোচ টমাস টুখেল একপ্রকার হার মেনেই নিয়েছিলেন। বার্নাব্যুতে রিয়ালকে হারানো, তা–ও আবার ৩ গোলের ব্যবধানে, কোনোভাবেই যে সম্ভব নয়, কথাবার্তায় আগেই বলে দিয়েছিলেন। কিন্তু টুখেলের সেই কথা যে এভাবে মিলে যাবে, সেটি কি ভেবেছিলেন!

‘অসম্ভব’ তো চেলসি প্রায় সম্ভব করেই ফেলেছিল। যে বার্নাব্যুতে রিয়ালকে হারানো কঠিন মনে করেছিলেন টুখেল, সেখানেই ৩-০ গোলে এগিয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে যাওয়া প্রায় নিশ্চিত করে ফেলেছিল চেলসি। কিন্তু বার্নাব্যুর ‘জুজু’ যে এরপর তাঁর দলকে পেয়ে বসবে, সেটি টুখেলের জন্য আরও বেশি হৃদয়বিদারক ব্যাপার।

৩ গোলের ব্যবধানে ৭৯ মিনিট পর্যন্ত এগিয়ে থাকা একটি দল শেষ পর্যন্ত ‘পরাজয়ে’র বিষাদ নিয়ে মাঠ ছাড়বে, অতি আশাবাদীরাও ভাবতে পারেননি, কিন্তু সেটিই হয়েছে। ৮০ মিনিটে রদ্রিগোর গোলে দুই লেগ মিলিয়ে ৪-৪ গোলে সমতায় ফেরে রিয়াল। এরপর অতিরিক্ত সময়ে করিম বেনজেমার ‘ম্যাজিক’—বার্নাব্যুতে রিয়ালের অন্য রকম দাপট আবারও প্রমাণিত হলো।

বার্নাব্যুতে জাদু আছে
ছবি: রয়টার্স

অতিরিক্ত সময়ে নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য, বেনজেমার হেড, সোজা গোলে। স্তব্ধ চেলসি, তাদের সমর্থকেরা। টুখেল তখন নিশ্চয়ই মনে মনে ভাবছিলেন, নিজের আশঙ্কা এভাবে সত্যি হয়ে যাওয়ার ব্যাপারটি। বার্নাব্যুতে তিন গোলে এগিয়ে যাওয়ার পরও কোনো নিশ্চয়তা নেই! প্রত্যাবর্তনের একটা গল্প হতে গিয়েও হলো না চেলসির। দ্বিতীয় লেগে ৩-২ গোলে হেরেও চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনাল নিশ্চিত রিয়ালের।

কোনো ম্যাচ হারাতেও যে এত আনন্দ থাকতে পারে, মদরিচ সেটিই জানিয়েছেন নিজের প্রতিক্রিয়ায়। অসাধারণ পাসে রদ্রিগোকে দিয়ে গোল করানো এই ক্রোয়াট মিডফিল্ডার বলেছেন, ‘আরেকটি দুর্দান্ত রাত ছিল এটি। ম্যাচ হারাতেও এত আনন্দ থাকতে পারে!’

ম্যাচের শেষ অবধি ‘না হারা’র মানসিকতাতেই রিয়ালের এ সাফল্য। এটাই জানিয়েছেন মদরিচ, ‘আমরা ম্যাচের শেষ পর্যন্ত হারিনি। আশাও ছেড়ে দিইনি। যদিও ৩-০ গোলে পিছিয়ে পড়েছিলাম, কিন্তু আমরা মনে করি, আমরা খারাপ খেলিনি। লড়াই করতে হয়েছে প্রচণ্ড। কিন্তু ভালো লাগছে এই ভেবে যে শেষ পর্যন্ত আমরা সেমিফাইনালে যেতে পেরেছি।’

রিয়ালের প্রাণভোমরা মদরিচ
ছবি: রয়টার্স

বার্নাব্যুতে রিয়ালের ঘুরে দাঁড়িয়ে প্রতিপক্ষকে দুমড়েমুচড়ে দেওয়া নতুন কিছু নয়। অতীত ইতিহাসে এমন অনেক ঘটনাই খুঁজে পাওয়া যাবে। বার্নাব্যুতে রিয়াল যখন খেলে, তখন তাঁদের যে আগেই পরাজিতের দলে ফেলে দেওয়া যায় না, কোচ কার্লো আনচেলত্তি সেটিই বলেছেন, ‘বার্নাব্যুতে খেলা হলে কখনোই ভাববেন না রিয়ালের সব শেষ হয়ে গেছে। আমি আসলে ঠিকভাবে আপনাদের বোঝাতে পারছি না। এখানে কী যেন একটা জাদু আছে। যে জাদুই সব সময় রিয়ালকে সাহায্য করে।’

৩ গোলে পিছিয়ে থাকার পর ঘুরে দাঁড়ানোর ‘গল্প’ লেখাটা সহজ কিছু নয়। কোচ আনচেলত্তি তাঁর খেলোয়াড়দের এ ব্যাপারেরই প্রশংসা করেছেন, ‘আমরা শেষ পর্যন্ত সফল হয়েছি। কারণ, আমরা কখনোই ম্যাচটা ছেড়ে দিইনি, আশা হারাইনি। আমার দলের খেলোয়াড়েরা খুবই সাহসী আর তারা লড়াকু সেনার মতোই খেলেছে শেষ পর্যন্ত।’

আনচেলত্তি অবশ্য স্বীকার করেছেন, চেলসি দ্বিতীয় গোলটি করে ফেলার পর রিয়াল খেলোয়াড়েরা মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। বাদ পড়ে যাওয়ার শঙ্কা পেয়ে বসেছিল তাঁদের। কিন্তু নিজেদের মাঠের ‘জাদু’তেই শেষ পর্যন্ত বাজিমাত রিয়ালের। আনচেলত্তি বললেন, ‘চেলসির দ্বিতীয় গোলের পর মানসিকভাবে দলের খেলোয়াড়েরা কিছুটা ভেঙে পড়েছিল। কিন্তু আবারও বলছি, এই স্টেডিয়ামের, বার্নাব্যুর জাদুই খেলোয়াড়দের ঘুরে দাঁড়াতে সহায়তা করেছে।’