
মাইকেল মধুসূদন দত্ত প্রয়াত হয়েছেন ১৮৭৩ সালে। মহাকবির নাম ধরে রাখা শহরটা আজও তাঁর কথা বলে অনুচ্চারে। শিল্প-সাহিত্যের নানামুখী স্রোত এখানে নিরন্তর প্রবহমান। শিল্পী এস এম সুলতানেরও স্মৃতি ঘিরে রয়েছে এই শহরকে। সেই যশোরে একটি ঢেউ প্রায় বিলীন হয়ে যাচ্ছিল। সেটি এক দিনের জন্য হলেও অবশেষে ফিরছে। ফুটবল-ঢেউ।
খেজুরের রস-গুড়ের ম-ম গন্ধে ভরা এই যশোরে একটা সময় ফুটবল ছিল এক আলোড়ন। দীর্ঘদিন খেলা না থাকায় যেন মরুভূমি হয়ে উঠেছে এখানকার ফুটবল। আজ তাতে বৃষ্টি নামছে। বাংলাদেশ-শ্রীলঙ্কা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ ভাসিয়ে নিয়ে যাচ্ছে গোটা শহরকেই। শহরের বুকে ভৈরব নদের শুষ্কপ্রায় স্রোতের সঙ্গে যেন মিশেছে ফুটবল।
কাল দুপুরে যশোর শামসুল হুদা স্টেডিয়ামের আঙিনায় দেখা গেল কাজের ব্যস্ততা। মাঠ পরিচর্যা, সাজসজ্জা, উদ্বোধনী আয়োজনের কিছু মহড়া। দেখা মিলল নব্বইয়ে আবাহনীতে খেলা জামালের। অনেক কাজ দেখভাল করছেন। বিকেল সোয়া ৩টায় শুরু ম্যাচ দেখাতে বিটিভির ক্রুদের ছোটাছুটি। জমাট আয়োজনের সব উপাদানই হাজির।
খেলাবিহীন অবস্থায় মনের আনন্দে বেড়ে ওঠা ঘাস ছেঁটে ফেলা হয়েছে। স্টেডিয়ামের ভেতরে আরেকটি মাঠ অনায়াসে হতে পারে, পুরো জায়গাটা এত বড়। অথচ গ্যালারির ধারণক্ষমতা মাত্র ১১ হাজার। ২০ টাকার টিকিট কালোবাজারে বিক্রি হচ্ছে ২০০-৩০০ টাকায়। অনেকেই হা-হুতাশ করছে কালোবাজারে টিকিট না পেয়ে।
ঠাসাঠাসি করে হয়তো হাজার কুড়ি দেখতে পারবে। তার পরও সিলেটের মতো কাণ্ড ঘটে যেতে পারে। তবে আয়োজকেরা সতর্ক। এখানকার প্রবীণ ফুটবল সংগঠক ইমদাদুল হক সাচ্চুর কপালে তবু ভাঁজ, ‘খুব চিন্তায় আছি দর্শক সামলানো নিয়ে। আমার তো মনে হয় স্টেডিয়ামে ৩০-৪০ হাজার মানুষ আসবে।’
মধুকবির শহরে এর আগে বিদেশি দল খেলে গেলেও এই প্রথম হচ্ছে আন্তর্জাতিক ম্যাচ। সেটিকে ঘিরে স্থানীয় পত্রিকাগুলোয় চলছে বিশেষ প্রচারণা। সমাজের কথা পত্রিকার প্রথম পাতায় কাল মূল শিরোনামে ছিল বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ। শহরে অসংখ্য তোরণ, ব্যানার-ফেস্টুন তো আছেই। এগুলোয় স্থানীয় সাংসদ বাফুফের সহসভাপতি ও জাতীয় দল কমিটির প্রধান কাজী নাবিল আহমেদের ছবি। ক্রিকেটও আছে প্রবলভাবে। কয়েকটিতে লেখা, ‘যশোরে আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু চাই।’ তবে আপাতত ফুটবলের এই আয়োজন সফল করতে স্থানীয় প্রশাসনসহ সবাই আন্তরিক।
প্রতিদানে তাঁরা চান বাংলাদেশের জয়। কোচ সাইফুল বারী বিকেলে পুলিশ লাইন মাঠে অনুশীলনের পর বলছিলেন, ‘আমরা তো জয় ছাড়া আর কিছুই ভাবতে পারছি না।’ সেই জয়ের মিশনে কোচ পাচ্ছেন ডেনমার্কপ্রবাসী মিডফিল্ডার জামাল ভূঁইয়াকে, যিনি গতকালই যোগ দিয়েছেন দলের সঙ্গে। তাঁর জন্য হতাশার, বিদায়ী কোচ লোডভিক ডি ক্রুইফের সঙ্গে দেখা হলো না। ডি ক্রুইফের হাত ধরেই জামালের লাল-সবুজ জার্সি পরা। জামাল শুধু নন, গোটা বাংলাদেশ দলেরই মনে পড়বে বিদায়ী কোচকে।
শ্রীলঙ্কার সার্বিয়ান কোচ নিকোলা জাভাকোভিচ এসব জানেন। খানিকটা সহমর্মিতাও ঝরালেন সদ্য বিদায় নেওয়া ডাচ কোচের প্রতি। তবে সাইফুলের মতো তাঁর ভাবনায়ও আজকের ম্যাচ। চার বছর আগে দুই দলের সর্বশেষ দেখায় বাংলাদেশ ৩-০ গোলে হেরেছিল কলম্বোতে (যদিও দুই দলের ১১ সাক্ষাতে বাংলাদেশ জিতেছে ৭ বার)। সেটিকে প্রেরণা মেনে সংবাদ সম্মেলনে বললেন, ‘আমাদের দলটা তরুণদের নিয়ে গড়া। এই দল নিয়েই জয় পেতে বদ্ধপরিকর আমরা।’
অনুশীলন মাঠটা ভালো পাননি বলে একটু অসন্তুষ্ট শ্রীলঙ্কার কোচ। তবে সামগ্রিকভাবে আয়োজনে তিনি খুশি। এখানে এসে পেয়েছেন ফুলেল শুভেচ্ছা। যশোরের গদখালীর ফুল দেশবিখ্যাত। সারা দেশের চাহিদা মেটাচ্ছে। আজ ম্যাচটা প্রীতির হলেও তাতে ফুল নয়, কাঁটার আঘাতই শ্রীলঙ্কাকে দিতে চাইবে বাংলাদেশ।