মধুচন্দ্রিমার পর নতুন চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোনালদো কি সত্যিই রিয়াল মাদ্রিদ ছাড়তে চাইছেন? বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি সই করতে মেসিই বা কেন গড়িমসি করছেন? ফুটবলের এই দুই মহাতারকার সঙ্গে তাঁদের ক্লাবের সম্পর্ক আসলে এখন কী অবস্থায়
বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করতে রাজি মেসি l ফাইল ছবি
বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করতে রাজি মেসি l ফাইল ছবি

দুই রকম তথ্য পাওয়া যাচ্ছে সংবাদমাধ্যমে। স্প্যানিশ দৈনিক এএস বলছে, এরই মধ্যে বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি সই করে ফেলেছেন লিওনেল মেসি। যেটির মেয়াদ ২০২১ পর্যন্ত। অন্যদিকে স্প্যানিশ আরও কয়েকটি দৈনিক ও ফুটবল-বিষয়ক ওয়েবসাইট গোল ডটকম দাবি করছে, এখনো চুক্তি সই করেননি মেসি। করবেন মধুচন্দ্রিমা থেকে ফিরে। যে তথ্যটাই সত্য হোক, মেসি যে আরও কিছুদিন বার্সেলোনাতেই থাকছেন, এতে মনে হয় না এখন আর কোনো সন্দেহ আছে।

এই সন্দেহটা অবশ্য তৈরি হয়েছিল মেসির কারণেই। বার্সেলোনার সঙ্গে তাঁর বর্তমান চুক্তিটা শেষ হবে আগামী মৌসুমের শেষে। ক্লাব অনেক আগেই তাঁকে নতুন চুক্তির প্রস্তাব দিয়ে রেখেছে। কিন্তু মেসি সেই চুক্তি সই করতে সময় নিচ্ছিলেন। এরই মাঝে গত ৩০ জুন ছোটবেলার বান্ধবী ও তাঁর দুই সন্তানের মা আন্তোনেল্লা রোকুজ্জোকে ঘটা করে বিয়েও করেছেন। তারপর পুরো পরিবার নিয়ে মধুচন্দ্রিমায় গেছেন ক্যারিবীয় দ্বীপপুঞ্জে।

স্প্যানিশ দৈনিক এএস অবশ্য বলছে, বিয়ের পরদিনই ব্যক্তিগত জেটে চড়ে বার্সেলোনায় ফিরে চুক্তি সই করে গেছেন মেসি। কিন্তু গোল ডটকমের দাবি, আসলে সই-সাবুদ এখনো হয়নি। হবে মেসি মধুচন্দ্রিমা থেকে ফিরলে। ১২ জুলাই স্বাস্থ্য পরীক্ষার জন্য বার্সার ফুটবলারদের একত্র হওয়ার কথা। তারপর শুরু হবে প্রাক্‌-মৌসুম প্রস্তুতি। সব ঠিক থাকলে, সেই প্রস্তুতি পর্ব শুরুর আগেই আনুষ্ঠানিকভাবে নতুন চুক্তি সই করবেন মেসি।

নতুন চুক্তি অনুযায়ী ২০২১ পর্যন্ত ন্যু ক্যাম্পে থাকবেন মেসি। সঙ্গে বাড়তি আরও এক মৌসুম দুই পক্ষ চাইলে বাড়াতে পারবে। নতুন চুক্তিতে বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় হবেন মেসি। সব কর পরিশোধের পর আর্জেন্টাইন ফরোয়ার্ডের বার্ষিক বেতন হবে ২ কোটি ২০ লাখ ইউরোরও বেশি। গোলডটকম, এএস।