মন খারাপ হয়নি সুয়ারেজের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লুইস সুয়ারেজ
লুইস সুয়ারেজ

মানিকজোড় কথাটাকে একটু বদলে তাঁদের জন্য করতে হবে ‘মানিকত্রয়ী’। মেসি, সুয়ারেজ, নেইমারের ‘এমএসএন’ মানিকত্রয়ী এখন অপ্রতিরোধ্যই। লুইস এনরিকে যেমন কদিন আগে বলেছেন, একজন গোল না পেলে বাকি দুজনের মনও নাকি খারাপ হয়! সেটা ঠিক হলে ব্যালন ডি’অরের চূড়ান্ত অনুষ্ঠানেও দুজনের মন খারাপ থাকবে। মেসি-নেইমারের ওই রাতটা তো দর্শক হয়েই দেখতে হবে সুয়ারেজকে। তবে বার্সার উরুগুইয়ান স্ট্রাইকার দাবি করেছেন, এটিকে খুব একটা বড় করে দেখেন না।
শুরুতে একটু সময় নিয়েছিলেন, তবে সুয়ারেজ এখন দুই সতীর্থের সঙ্গে সমানভাবেই পাল্লা দিচ্ছেন। এই মৌসুমেই যেমন, নেইমারের পর লা লিগার সবচেয়ে বেশি গোল তাঁর। তারপরও ব্যালন ডি’অরের সেরা তিনে জায়গা হয়নি। মন খারাপ হওয়ারই কথা। তবে সুয়ারেজ জানিয়েছেন এ নিয়ে তাঁর মন খারাপ হয়নি, ফিফার পুরস্কার রজনীতে সতীর্থ দুজনকে মঞ্চে দেখতে পারাটাই তাঁর জন্য হবে আনন্দের। তবে তিনের মধ্যে শ্রেষ্ঠ ও দ্বিতীয় শ্রেষ্ঠ কোন দুজনের হওয়া হওয়া উচিত, সে বিষয়ে মত দিয়েছেন খোলাখুলি, ‘এটা নিয়ে একদমই মন খারাপ করিনি। আমি দলকে সাহায্য করতে পেরেই খুশি। ওরা দুজন আছে, সেটাও কম কথা নয়। আমার মনে হয় মেসিরই এটা জেতা উচিত, আর সন্দেহাতীতভাবে নেইমারের দ্বিতীয় হওয়া উচিত।’
দানি আলভেজের ধারণাও তা-ই। মেসি-নেইমারের শ্রেষ্ঠত্ব নিয়ে বার্সা ডিফেন্ডারেরও কোনো সংশয় নেই, ‘মেসি এখন বিশ্বের সেরা, আর নেইমার ঠিক তার পরেই।’ কিন্তু সুয়ারেজ যেটি নিয়ে কিছু বলেননি, সেটা আলভেজ সরাসরি বলে দিলেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদোর ব্যালন ডি’অরের সেরা তিনে থাকারই যোগ্যতা নেই। বিশ্বের সেরা খেলোয়াড়কে শুধু গোল করলেই হয় না, দলকে অনুপ্রাণিতও করতে হয়। মানুষ ভুলে যায় এটা একটা দলীয় খেলা।’ মার্কা।