মন জিতে নিলেন সেন্টফিট

টম সেন্টফিটকে প্রথম দিনেই মনে হলো অনেক চেনা। অনেক আপন।
বাফুফে ভবনে বাংলাদেশ দলের ফুটবলারদের উদ্দেশে দেওয়া বক্তব্যেই মন জয় করে নিলেন তাঁদের। পরে বিকেলে বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রথম অনুশীলন সেশনেও দেখা দিলেন টগবগে রূপে।
বাফুফের সঙ্গে চুক্তির আগেই মাঠে নেমে পড়েছেন। অথচ নাইজেরিয়ার মতো দেশের সম্ভাব্য তিন কোচের তালিকায় তাঁর নাম। ২০১২ সালে মাস তিনেক নাইজেরিয়ার টেকনিক্যাল ডিরেক্টর ছিলেন। নাইজেরিয়ার খবরটা পেয়েই পরশু তড়িঘড়ি করে আপাতত তিন মাসের জন্য চুক্তির কপি সেন্টফিটকে মেইল করে বাফুফে। সেই চুক্তিনামা নিজের আইনজীবীকে পাঠিয়েছেন সেন্টফিট। সেখান থেকে সবুজ সংকেত পেলেই চুক্তি করে ফেলতে পারেন ৪৩ বছর বয়সী বেলজিয়ান কোচ।
সেপ্টেম্বর-অক্টোবরে ভুটানের সঙ্গে এশিয়ান কাপের বাছাইয়ে বাংলাদেশের জন্য দুটি জীবন-মরণ প্লে-অফ অপেক্ষা করছে। ভুটান-বাধা পার হতে না পারলে আগামী বছর দেড়েক আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ অনেক কমে যাবে। তাই কোচ নিয়ে এমন তোড়জোড়।
কিন্তু এই ফাঁকে নাইজেরিয়া যদি সেন্টফিটকে চূড়ান্ত করে ফেলে? সেন্টফিট পরিষ্কার বললেন, ‘কেউ আমাকে পছন্দ করা মানেই সেই দলের কোচ হয়ে গেলাম, তা কিন্তু নয়। বাংলাদেশের সঙ্গে এখন আছি, ভুটান ম্যাচ পর্যন্ত থাকার ইচ্ছে আছে। আর নাইজেরিয়া কী বলে, সেটাও আমাকে আগে দেখতে হবে।’
অনুশীলন দেখে বোঝা গেল, সেন্টফিট হাতে-কলমে শেখাতে পছন্দ করেন। ফুটবলারদের যা করতে বললেন, তা নিজেই করে দেখালেন। সকালে ঢাকায় পা রাখার পর বিশ্রাম না নিয়েই বাফুফে ভবনে এসে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে বৈঠক করে বসেছেন খেলোয়াড়দের নিয়ে। পড়ন্ত বিকেলে অনুশীলন শেষে বলছিলেন, ‘আমি অনেক ক্লান্ত। ঘুমে যেন ভেঙে পড়ছি। তবে সবকিছুর আগে কাজটাকেই প্রাধান্য দিই।’
সাম্প্রতিক সময়ে মামুনুল, জাহিদ, সোহেল রানা, ইয়াছিনদের জাতীয় দলে নিষিদ্ধ হওয়ার ব্যাপারটা তাঁর জানা আছে মনে হলো। টুর্নামেন্ট চলাকালীন মদ্যপানের অভিযোগও অনেকের বিরুদ্ধে। সেদিকে ইঙ্গিত করে কঠোর হুঁশিয়ারি দিলেন, ‘আমি শৃঙ্খলার ব্যাপারে কঠোর। আমি মুসলিম নই, একজন ইউরোপিয়ান। কিন্তু অ্যালকোহলে আসক্ত নই। খেলোয়াড়দের এটা মনে রাখতে হবে।’
বাংলাদেশ দলে এখন নামের জোরে খেলেন অনেকেই। সেন্টফিট সেই ধারাও বদলাতে চান, ‘আমি নামের পূজারি নই, পারফর্ম করতে হবে। বেশ কিছু খেলোয়াড়কে ইতিবাচক মনে হয়েছে, যাদের মধ্যে নতুনরাও আছে। আমি এমন দল গড়তে চাই, যে দল ভুটানের বিপক্ষে ভালো ফল করবে।’
ভুটানের সঙ্গে ৬ সেপ্টেম্বর ঢাকায় প্রথম ম্যাচেই সাফল্য চান নতুন কোচ। এ জন্য ঘরের মাঠে দুজন স্ট্রাইকার নিয়ে খেলার পরামর্শ দেওয়া হয়েছে সেন্টফিটকে। ম্যানেজার সত্যজিৎ দাস রুপু সেটাই জানালেন। ফেডারেশন সভাপতিও চান দুই স্ট্রাইকার। বাংলাদেশ দল বেশ কয়েক বছর ধরেই এক স্ট্রাইকারে খেলছে, এবার দুই স্ট্রাইকারে যাওয়া হবে নতুন চ্যালেঞ্জ।
এমনিতে একজন প্রথাগত শিক্ষকের মতোই লাগে সেন্টফিটকে। একটু দার্শনিক দার্শনিক ভাবও। তবে মজাও করেন। ‘কেমন আছ, ভালো আছি’, জাতীয় বাংলাও শিখে ফেলেছেন এরই মধ্যে! ব্যক্তিজীবনে বড় একটা আনন্দের উপলক্ষ পেতে যাচ্ছেন মাস দুয়েকের মধ্যেই। বাবা হতে যাচ্ছেন প্রথমবারের মতো। তাঁর জিম্বাবুইয়ান স্ত্রী কিছুদিন আগেও কাজ করেছেন ক্রিকেট ও রাগবি সাংবাদিক হিসেবে।
টোগো, মালাউই, ইয়েমেন, ইথিওপিয়া, জিম্বাবুয়ে, নামিবিয়ার কোচ থাকার সূত্রে আফ্রিকায় বেশ পরিচিত সেন্টফিট। আপাতত ১৭ জুলাই পর্যন্ত এই ক্যাম্পটা চালিয়ে দেশে ফিরবেন। সপ্তাহ খানেক পর ফিরে লিগের খেলা দেখে বাছবেন চূড়ান্ত দল। মাঠের ফল শেষ পর্যন্ত কী হয়, সময়ই বলবে। তবে প্রথম দিনের সেন্টফিট তো আশাই জাগালেন।