মনে করিয়ে দিলেন পিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমালোচনার ঝড় তো লুইস এনরিকের ওপর দিয়ে বয়ে গেছে পিএসজির কাছে বিধ্বস্ত হওয়ার পর পরই। তবে তাতেও বার্সেলোনা সমর্থকদের রাগ কমেনি। লা লিগায় ঘরের মাঠে লেগানেসের বিপক্ষে ম্যাচেও দর্শকদের মন জয় করতে পারেননি মেসি-নেইমাররা। পুষে রাখা রাগটা আবার বেরিয়ে আসে তখনই। কোচ এনরিকেকে দুয়ো দেন তাঁরা। এটা একদমই ভালো লাগেনি জেরার্ড পিকের।
এনরিকের সমালোচকদের পাল্টা জবাব দিয়েছেন পিকে। আর এটা করতে গিয়ে বার্সার স্প্যানিশ এই ডিফেন্ডার তুলে এনেছেন কোচ হিসেবে এনরিকের সাফল্যের বৃত্তান্ত। ২০১৪-১৫ মৌসুমের শুরুতে বার্সেলোনার দায়িত্ব নেন এনরিকে। কাতালান ক্লাবটির আকাশে তখন হতাশার কালো মেঘ। আগের মৌসুমে লিগ শেষ করেছিল দ্বিতীয় হয়ে। ছিটকে পড়েছিল চ্যাম্পিয়নস লিগের শেষ আট থেকে। কোপা ডেল রের ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হেরেছিল ২-১ গোলে। দায়িত্ব নেওয়ার পর মেসি-নেইমারদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনেন এনরিকে। প্রথম মৌসুমেই দলকে জেতান ট্রেবল।
গত পরশু এক অনুষ্ঠানে গিয়ে এনরিকের পাশে থাকার কথা বলেছেন পিকে, ‘এনরিকে যখন আসেন, আমরা ছিলাম বাজে অবস্থায়। আমি চাই, আমাদের তিনি যা দিয়েছেন, আমরা যেন সেগুলো মনে রাখি।’ চলতি মৌসুমে অবশ্য নিজেদের সেরা ছন্দে নেই বার্সেলোনা। বার্সার কোচ হিসেবে এনরিকে তাঁর ‘সবচেয়ে বাজে’ হারটি দেখেছেন পিএসজির বিপক্ষে, ৪-০ গোলে উড়ে গেছে তাঁর দল। পিকে তবু এনরিকের ওপর আস্থা হারাচ্ছেন না, ‘আমি দুয়ো দেওয়ার মানে বুঝতে পারছি না। মানুষের স্মৃতি খুবই ক্ষণস্থায়ী। এই কোচের অধীনে আমরা সম্ভাব্য ১০টি শিরোপার আটটি জিতেছি। আমৃত্যু তাঁর সঙ্গে আছি আমরা।’
পিএসজির বিপক্ষে পরের লেগটি নিজেদের মাঠে খেলবে বার্সেলোনা। ন্যু ক্যাম্পে ঘুরে দাঁড়াতে প্রত্যয়ী আন্দ্রেস ইনিয়েস্তা, লুইস সুয়ারেজদের মতো অনেকে। ট্রেবলের স্বপ্ন ছাড়ছেন না পিকেও, ‘তিনটি টুর্নামেন্টেই আমাদের এখনো সম্ভাবনা আছে। যদিও চ্যাম্পিয়নস লিগে কাজটা এখন খুবই কঠিন।’ এএফপি, রয়টার্স