মনে থাকবে লেভানডফস্কির
সিগনাল ইডুনা পার্কের দর্শকদের জন্য ব্যাপারটা মেনে নেওয়া কঠিনই। কদিন আগে যার নাম ধরে তারা চেঁচিয়েছে, সেই ঘরের ছেলেকে এখন দুয়ো দিতে হচ্ছে। রবার্ট লেভানডফস্কির জন্যও তো ব্যাপারটা অস্বস্তিকর হওয়ারই কথা। অনেক নাটকের পর এই মৌসুমে ডর্টমুন্ড থেকে এসেছেন বায়ার্নে। আর নতুন ক্লাবে অভিষেক ম্যাচটাই খেলতে হলো কিনা পুরোনো ক্লাবের বিপক্ষে, পুরোনো ঠিকানায়!
শেষ পর্যন্ত অবশ্য লেভানডফস্কিকেই ভগ্ন মনোরথে ফিরে যেতে হয়েছে। জার্মান সুপার কাপের ফাইনালে বায়ার্নকে ২-০ গোলে হারিয়ে মৌসুমের শুরুটা উৎসব দিয়েই করতে পেরেছে ডর্টমুন্ড। স্কোরলাইন অবশ্য বলছে না, জয়টা কতটা দাপুটে ছিল। ম্যানুয়েল নয়্যার বাধা না হয়ে দাঁড়ালে ব্যবধান আরও বড় হতো।
পেপ গার্দিওলা অবশ্য চাইলে অজুহাত দেখাতে পারেন। বিশ্বকাপজয়ী জার্মানির বায়ার্ন সদস্যদের বেশির ভাগ সদস্যই ছিলেন না প্রথম একাদশে। লাম-গোটশে তাও পরে নেমেছিলেন, শোয়েনস্টাইগার নামেনইনি। রিবেরি, রোবেন, থিয়াগোরাও ছিলেন মাঠের বাইরে। মড়ার উপর খাঁড়ার ঘার মতো জাভি মার্টিনেজকে প্রথমার্ধেই চোট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে। বায়ার্ন কোচকে তাই বেশ কয়েকজন নবাগতকে বাজিয়ে দেখতে হয়েছে। পরে গার্দিওলা অবশ্য বলেছেন, ‘আমাদের প্রস্তুত হতে আরও সময় লাগবে। আমরা ভালো খেলার চেষ্টা করেছি, কিন্তু ম্যাচটা নিয়ন্ত্রণ করতে বেগ পেতে হয়েছে। এখনো অনেক কিছু করতে হবে।’
ডর্টমুন্ড কোচ ইয়ুর্গেন ক্লপও বলতে পারেন, ‘আমরাই বা কী এমন দল নামিয়েছি!’ রয়েস, হামেলস, গুন্ডোগান, ভাইডেনফেলারদের ছাড়াই নেমেছিল ডর্টমুন্ড। কিন্তু মেখিতারিয়ান ও অবামেয়াংয়ের দুই গোলে জয়টা এসেছে হেসেখেলেই। ক্লপ তার পরও তৃপ্ত নন, ‘আমাদের ইঞ্জিন সচল হতে শুরু করেছে। তেব এখনো আমরা নিজেদের শতভাগ ফিরে পাইনি।’
তবে দিন শেষে জার্মান সুপার কাপ কিন্তু জমজমাট একটা বুন্দেসলিগারই আভাস দিল! রয়টার্স।