মনে পড়ছে পুয়েরতাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তোনিও পুয়েরতা
আন্তোনিও পুয়েরতা

আগস্ট মাসে সেভিয়া শহরটা একটু যেন বিষণ্ন হয়ে যায়। সাত বছর আগে আগস্টেই অন্যলোকে চলে গেছেন আন্তোনিও পুয়েরতা। আবার এসেছে শোকের সেই মাস। তবে এবার উয়েফা সুপার কাপের জন্যই যেন পুয়েরতার স্মৃতিটা বেশি ফিরে ফিরে আসছে। ২০০৭ সালে সর্বশেষ এই টুর্নামেন্ট খেলার সময় যে বুকে পাথর বেঁধে খেলতে হয়েছিল সেভিয়াকে।
২৫ আগস্ট, ২০০৭। নতুন মৌসুমে লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে গেটাফের মুখোমুখি সেভিয়া। ওই ম্যাচেই জ্ঞান হারিয়ে সেভিয়া মিডফিল্ডার পড়ে গেলেন মাঠে। এরপর সংবিৎ ফিরে পেয়ে ড্রেসিংরুমে যাওয়ার পর আবার জ্ঞান হারিয়ে ফেলেন। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তিন দিন লড়ে মৃত্যুর কাছে আত্মসমর্পণ করেন ২২ বছর বয়সী পুয়েরতা। আর কী মর্মান্তিক, ঠিক দুই মাস পর পৃথিবীতে আসে তাঁর সন্তান আইতর।
সেভিয়াজুড়ে এরপর শুধু বাঁধভাঙা অশ্রুর প্লাবন। ৩১ আগস্ট এসি মিলানের সঙ্গে উয়েফা সুপার কাপের ম্যাচ। প্রিয়জন হারানোর অমেয় শোক নিয়েই মাঠে নেমেছিল সেভিয়া। সবার জার্সির পেছনে পুয়েরতার নাম লেখা। যেন মাঠে না থেকেও ছিলেন সবখানেই।
আজ আবার রিয়াল মাদ্রিদের সঙ্গে উয়েফা সুপার কাপে প্রতিপক্ষ সেভিয়া। এত বছর পর তাই আবারও ফিরে ফিরে আসছেন পুয়েরতা। গোলডটকম।