মনোযোগ হারিয়েছিল রিয়াল?

এমন একটা ম্যাচ হলো খালি গ্যালারিতে। ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ তারকা গ্যারেথ বেল এটি নিয়ে আফসোসও করলেন, ‘এমন একটা ম্যাচ খালি গ্যালারির সামনে খেললাম আমরা।’
লেগিয়া ওয়ারশর বিপক্ষে রিয়াল মাদ্রিদের এই জমাটি ম্যাচ গ্যালারিভর্তি দর্শকের সামনেই হওয়া উচিত ছিল, কিন্তু দর্শক হাঙ্গামার কারণে নিষেধাজ্ঞা সেটি হতে দেয়নি। ৩-৩ গোলে ড্র হওয়া ম্যাচের উত্তেজনা থেকে এক অর্থে বঞ্চিতই হয়েছে ওয়ারশর দর্শকেরা।
হারতে হারতেই ম্যাচটা ড্র করেছে রিয়াল। অথচ শুরুতেই ২-০ গোলে এগিয়ে গিয়েছিল তারা। খেলা শুরুর ৫৫ সেকেন্ডের মাথায় গ্যারেথ বেলের গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল। বেলের গোলটি ছিল চ্যাম্পিয়নস লিগ ইতিহাসের দ্রুততম গোল। ৩৫ মিনিটে করিম বেনজেমার দারুণ শটের ১ গোলে ২-০–তে এগিয়ে যায় তারা। কিন্তু এই ম্যাচে যে এত রোমাঞ্চ অপেক্ষা করছিল, সেটি আর কে ভেবেছিল!
৪০ মিনিটে ভাদিচ, ৫৭ মিনিটে রাদোভিচ খেলায় সমতা ফিরিয়ে নিয়ে আসেন। ৮৩ মিনিটে রিয়ালকে বিমূঢ় করে দিয়ে ৩-২ গোলে এগিয়েও যায় লেগিয়া। গোলদাতা ছিলেন থিবো। তাঁর দূরপাল্লার শটটি রিয়াল গোলকিপার কেইলর নাভাসকে বোকা বানায় দারুণভাবে।
ম্যাচ হারের শঙ্কা যখন রিয়ালকে ঘিরে ফেলেছে, ঠিক সে সময়ই দলকে বাঁচান মাতেও কোভাচিচ। খেলা শেষ হওয়ার ৫ মিনিট আগে কোভাচিচের গোল কেবল রিয়ালের মনই বাঁচায়নি। বাঁচিয়েছেন চ্যাম্পিয়নস লিগে টানা অপরাজিত থাকার রেকর্ডও। এখন পর্যন্ত টানা ২৭টি ম্যাচে না হারা রিয়ালের রেকর্ডটি অনন্যই।
ম্যাচটি না হারায় স্বস্তি ঝরেছে কোচ জিনেদিন জিদানের কণ্ঠে, ‘এই ম্যাচে যা যা ঘটল, সে জন্য আমি মোটেও দায়ী নই। ম্যাচটি শেষ পর্যন্ত আমরা হারিনি, আমার কাছে মনে হয় এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। তবে পুরো ব্যাপারটিই আমার কাছে অবাক লাগল।’
গ্যারেথ বেল বলেছেন, ‘এই ফলে আমরা মোটেও খুশি নই। আমাদের এই ফল থেকে শিক্ষা নিতে হবে এবং ঘুরে দাঁড়াতে হবে।’
মনোযোগ হারানোই রিয়ালের এই অবস্থার মূল কারণ বলে মনে করেন বেল, ‘আমার মনে হয় ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর আমরা খেলায় মনোযোগ হারিয়েছিলাম। এটি ফুটবলে হতেই পারে। তবে এটা ঠিক যে এই পর্যায়ে এমনটি হলে আপনাকে তাঁর ফল ভোগ করতেই হবে। তবে এমন একটি ম্যাচ খালি গ্যালারির সামনে খেলতে হলো!’ সূত্র: এএফপি।