মনোযোগের কেন্দ্রে শহীদুলই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ শহীদুলের দিকে তাকিয়ে পুরো বাংলাদেশ। ছবি: এএফপি।
আজ শহীদুলের দিকে তাকিয়ে পুরো বাংলাদেশ। ছবি: এএফপি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ আরও একটি কঠিন লড়াইয়ে নামবেন বাংলাদেশ গোলরক্ষক শহীদুল আলম। চারবার বিশ্বকাপ খেলা, মাইল জেডিনাক, ম্যাট রায়ান, টিম কাহিলের মতো বিশ্বমানের ফুটবলারদের বিপক্ষে দেয়াল হয়ে দাঁড়িয়ে শহীদুল লড়বেন দেশের মাথা উঁচু রাখার লড়াই। মহাশক্তিধর এক প্রতিপক্ষের বিপক্ষে শহীদুলের এই লড়াই যেন বিরাট এক অগ্নিপরীক্ষাও।
শহীদুর রহমান সান্টু, মোহাম্মদ ম​হসিন, সাঈদ হাসান কানন, আতিকুর রহমান, বিপ্লব ভট্টাচার্য কিংবা আমিনুল হকের পর বাংলাদেশের গোলবারের নিচে চলছে বড় ধরনের শূন্যতাই। দীর্ঘ দিন জাতীয় দলের গোলরক্ষক হিসেবে নির্দ্বিধায় ভরসা করা যায়, এমন গোলরক্ষক খুঁজে পাওয়া যাচ্ছে না বেশ অনেক দিনই হল। এমন একটা সময়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের এই দীর্ঘদেহী গোলরক্ষক আবির্ভূত হয়েছেন প্রচুর সম্ভাবনা নিয়েই। শহীদুলের সময়টা এখন কেবল নিজেকে মেলে ধরারই। এবারের বিশ্বকাপ বাছাইপর্বে কয়েকটি ম্যাচে বেশ ভালো করেছেন, পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের অ্যাওয়ে ম্যাচটিতেও খুব খারাপ করেননি। আজ নিজেদের মাঠে শহীদুল নিজেকে ছাড়িয়ে যেতে পারেন কিনা, দেখার ​বিষয় এখন এটিই।
জাতীয় দলের জার্সি গায়ে অভিষেকটা তাঁর ২০১১ সালে। তার আগে সে বছরই ঘরোয়া প্রতিযোগিতা সুপার কাপে আবাহনীর হয়ে দুর্দান্ত খেলে তাঁর পাদপ্রদীপের আলোয় আসা। ২০১১ সালে ভারতের দিল্লিতে সাফ চ্যাম্পিয়নশিপে জাতীয় দলের গোলবারে দাঁড়িয়েছিলেন অভিজ্ঞ বিপ্লব ভট্টাচার্যকে পেছনে ফেলে। মেসিডেনিয়ান কোচ নিকোলাই ইলিয়েফস্কির আস্থার প্রতিদানও দিয়েছিলেন খুব ভালো করেই। এর পর থেকেই জাতীয় দলের স্কোয়াডে নিয়মিত পদচারণ তাঁর।
তাঁর ওপর আস্থা ছিল ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফেরও। ২০১৩ সালে এএফসি চ্যালেঞ্জ কাপে কাঠমান্ডুতে নেপালের বিপক্ষে ম্যাচটা তাঁর ক্যারিয়ারের স্মরণীয় ম্যাচই। দুর্দান্ত খেলেছিলেন ৭৮ মিনিটে গোল খেয়ে হারা ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচটিতেও। চোট পিছু ধাওয়া করে তাঁর এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে না দাঁড়ালে নিজেকে পরিস্ফুটিত করতে পারতেন আরও। তবে ধীরে হলেও শহীদুল নিজেকে যে আলাদাভাবে চেনাচ্ছেন, স্বস্তির জায়গাটা এখানেই।
দুর্বলতা তাঁর আছে যথেষ্টই। অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থের ৫-০ গোলে হারের ম্যাচটিতেও তো কমপক্ষে দুটো গোলের জন্য দায়ী করা যায় তাঁকে। গত ফেব্রুয়ারির বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে মালয়েশিয়া অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে সেট পিস থেকে একটি গোল হজম করেছিলেন। হঠাৎ​ বাজে গোল খেয়ে যাওয়ার দুর্বলতা কাটিয়ে উঠতে পারে তাঁর ওপর ভরসা করা যায় চোখ বুজেই। বঙ্গবন্ধু কাপেই তো শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ মুহূর্তে পেনাল্টি ঠেকিয়ে নিজের দক্ষতা প্রমাণ করেছিলেন তিনি।
অস্ট্রেলীয় ফুটবল ওয়েবসাইট সকারুজ ডটকমে তাঁর প্রশংসা করা হয়েছে। আজকের ম্যাচেও বাংলাদেশের গোলবারের নিচে কোচ ফাবিও লোপেজের ‘প্রথম পছন্দ’ হিসেবে তারা ধরে নিয়েছে শহীদুলকেই। ২৩ বছর বয়সী এই গোলরক্ষক যে বাংলাদেশের গোলবারে আগামী কয়েক বছরের ভরসার প্রতীক হতে যাচ্ছেন, সেই ভবিষ্যদ্বাণীও করেছে তারা।
‘সেরা’ হয়ে ওঠার সব অনুষঙ্গই বিদ্যমান। এবার শহীদুলের পালা নিজেকে আরও ভালো করে প্রমাণ করার। অস্ট্রেলিয়ার বিপক্ষে আজকের ম্যাচই হোক তাঁর সেই লক্ষ্যে আরও একটি পদক্ষেপ।