মনোযোগের কেন্দ্রে যখন ফ্যাব্রিগাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্যাব্রিগাস রোববার চেলসির হয়ে মাঠে নামবেন তাঁর পুরোনো দল আর্সেনালের বিপক্ষে। ছবি: এএফপি
ফ্যাব্রিগাস রোববার চেলসির হয়ে মাঠে নামবেন তাঁর পুরোনো দল আর্সেনালের বিপক্ষে। ছবি: এএফপি

আর্সেন ওয়েঙ্গারের প্রত্যাশা ছিল, সেস ফ্যাব্রিগাস ইংল্যান্ডে ফিরলে আর্সেনালেরই হবেন। তাঁর ক্যারিয়ারে গানার্সদের এত অবদান, আট বছরের সুখস্মৃতি—এসব তিনি অস্বীকার করবেন কীভাবে? কিন্তু মানুষ ভাবে এক আর হয় আরেক, ফ্যাব্রিগাস ইংল্যান্ডে ফিরলেন ঠিকই, কিন্তু ঠাঁই নিলেন ‘শত্রু’ চেলসির শিবিরে, নতুন ঠিকানা হলো তাঁর স্টামফোর্ড ব্রিজ। এই যখন অবস্থা, তখন এই স্প্যানিশ ফরোয়ার্ডকে নিয়ে ভাবনাটা মাথা থেকেই ঝেড়ে ফেলেছেন আর্সেনাল কোচ।
ফ্যাব্রিগাসকে নিয়ে ওয়েঙ্গারের কণ্ঠে যেন একটু অভিমানই, ‘ফ্যাব্রিগাস নিজে কোনো দিন অস্বীকার করতে পারবে তাঁর ক্যারিয়ারে আমার আর আর্সেনাল ক্লাবের অবদান কতটুকু! কিন্তু সে যখন এসব নিয়ে ভাবেনি, তখন আমরা কেন ওকে নিয়ে ভাবব! আমরা সবাই পেশাদার। ফ্যাব্রিগাসও পেশাদারত্বের খাতিরেই আর্সেনালে না এসে চেলসিতে গেছে।’
রোববার চেলসি-আর্সেনাল আগুন লড়াইয়ের আগে সবকিছু ছাপিয়ে মনোযোগের কেন্দ্রে ওই ফ্যাব্রিগাসই। ইংল্যান্ডের প্রথম অধ্যায়ে তিনটি মৌসুম গানার্সদের অধিনায়কত্ব করেছিলেন তিনি। খেলেছেন ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ আটটি মৌসুম। এবার চেলসিতে নাম লেখানোয় তিনি গানার্সদের চোখের বিষ হয়ে গেলেন কি না, এ নিয়েও প্রশ্ন উঠেছে। ওয়েঙ্গারের মাধ্যমেই ব্যাপারটা উত্থাপিত হয়েছে, তবে একটু অন্যভাবে, ‘আমি আর্সেনাল সমর্থকদের বলব মাঠে ফ্যাব্রিগাসকে দেখে যেন তাঁরা “দুয়োধ্বনি” না দেয়।’ ফ্যাব্রিগাসকে নিয়ে ভাবছেন না—এমন কথা ওঙ্গোর যতই বলুন, আর্সেনালের সবার মধ্যেই রোববারের ম্যাচটির আগে ফ্যাব্রিগাস আছেন, চেতনে-অবচেতনে।
বার্সেলোনা থেকে ইংলিশ ফুটবলের জগতে পুনরায় নাম লেখানো ফ্যাব্রিগাসকে আকারে-ইঙ্গিতে ‘অকৃতজ্ঞতা’র অপবাদও দিচ্ছেন ওয়েঙ্গার, ‘আগেই তো বলেছি, ওর ক্যারিয়ারে আর্সেনালের অবদান কেমন, কিন্তু ফ্যাব্রিগাস সেই কৃতজ্ঞতাটুকু প্রকাশেরও ধার ধারেনি। যখন কোনো খেলোয়াড়কে আমরা গড়ে তুলি তখন প্রত্যাশা থাকে, সে চলতে-ফিরতে সেই কৃতজ্ঞতাটুকু অন্তত প্রকাশ করবে।’
এরপরই বলেছেন ফ্যাব্রিগাসের প্রতি তাঁর কোনো ব্যক্তিগত আক্রোশ নেই, ‘আমি ফ্যাব্রিগাসকে খুব পছন্দ করি। সে দারুণ প্রতিভাবান খেলোয়াড়। মানুষ হিসেবেও অসাধারণ। আমার তাঁর প্রতি কোনো ব্যক্তিগত আক্রোশ নেই। যখন সে আমাদের ছেড়ে চলে গেছে, আমাদের উচিত তাঁকে নিয়ে বাড়তি কোনো ভাবনা না ভাবা। যে চলে যেতে চায়, তাঁকে তো আর ফেরানো যায় না।’
চেলসি কোচ হোসে মরিনহো অনেক বেশি বাস্তববাদী। তাঁর ভাষায়, ফ্যাব্রিগাসকে নিয়ে এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বিতর্ক তৈরির কোনো মানেই হয় না, ‘এটা নিয়ে কেন কথা হচ্ছে, বুঝতে পারছি না। সে একসময় আর্সেনালের খেলোয়াড় ছিল, এখন চেলসির খেলোয়াড়। কেবল খেলোয়াড়ই নয়, খুব গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। আমি চাই না এসব নিয়ে কোনো বিতর্ক হোক।’
এই ম্যাচটা হতে পারে ওয়েঙ্গারের ব্যক্তিগত একটা খেদ মেটানোর মিশন। গত ১১টা প্রচেষ্টায় ওয়েঙ্গার একবারও জেতেননি মরিনহোর বিপক্ষে। এই ম্যাচটায় খেদ মিটিয়ে ফেলার জন্য বাড়তি উদ্দীপনার কথা বলেছেন ওয়েঙ্গার। ফ্যাব্রিগাসই কী হতে যাচ্ছেন ওয়েঙ্গারের সেই বাড়তি উদ্দীপনা?