মন্ত্রীকে পাশে পেল মুক্তিযোদ্ধা
অভ্যন্তরীণ সমস্যায় জেরবার মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র। এবার লিগে নিজেদের খেলা নিয়ে উদ্বিগ্ন ছিল খোদ দলটির খেলোয়াড়েরাই। কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নতুন প্রশাসক নিয়োগ দিলেও অনিশ্চয়তা কাটছিল না। ফুটবলারদের বেতন এখনো বকেয়া। ক্যাম্প পরিচালনার খরচও চালাতে পারছে না ক্লাবটি। এসব দেখেই এগিয়ে আসেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
কাল তিনি মাঠে বসে খেলা দেখেছেন। ম্যাচ শেষে ক্লাবের সমস্যা সমাধানের আশ্বাসও দিয়েছেন তিনি, ‘এই দল পরিচালনার সম্পূর্ণ দায়িত্ব কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের। মন্ত্রণালয়ের কোনো ভূমিকা নেই। কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল আদালতের আদেশে বাতিল হয়েছে। তাই গঠনতন্ত্র অনুসারে আমাদের একজন কর্মকর্তা ক্লাবের দায়িত্ব নিয়েছে। আশা করি, অচিরেই ক্লাবের সব সমস্যা দূর হয়ে যাবে।’ দলের প্রতি ফুটবলারদের ভালোবাসা দেখে আপ্লুত মন্ত্রী, ‘আমি জানি, এই ক্লাবে অনেক সমস্যা রয়েছে। এমনও হয়েছে ফুটবলারদের চেক বাউন্স হয়েছে। খেলোয়াড়দের খাওয়ার পয়সাও ছিল না। আমি শুনে বিস্মিত যে খেলোয়াড়েরা আধা বেলা খেয়ে প্র্যাকটিস করেছে। নিঃসন্দেহে ক্লাবের প্রতি ওদের অনেক ভালোবাসা। এ জন্যই আমি আশ্বাস দিচ্ছি ক্লাবের সব সমস্যা অচিরেই সমাধান করা হবে।’
মন্ত্রীর আশ্বাস পেয়ে এখন উজ্জীবিত দলের কোচ মাসুদ পারভেজ, ‘আমি চেষ্টা করেছি খেলোয়াড়দের মানসিকতা ফিরিয়ে আনার। ছেলেদের ম্যাচের আগে বলেছিলাম, এই ম্যাচে মন্ত্রী আসবেন। এটা আমাদের জন্য একটা উপলক্ষ। মন্ত্রী মহোদয় যথেষ্ট সাহায্য করছেন। ওনার কাছে আমরা কৃতজ্ঞ। এই ম্যাচে আমাদের হারা যাবে না। ছেলেরা কথা রেখেছে।’