মমতা 'দিদি'কে মেসির উপহার

লিওনেল মেসির ভক্তসংখ্যা নেহাতই কম নয়, আর্জেন্টিনায় জন্ম নেওয়া তারকার সমর্থক ছড়িয়ে আছে সারা বিশ্বে। সেই ভক্ত তালিকায় তারকার সংখ্যাও কম নয়। সে তালিকায় থাকা রনবীর কাপুর কিছুদিন আগে মেসির কাছ থেকে পেয়েছেন তাঁর নামের জার্সি, সঙ্গে অটোগ্রাফ। মেসির উপহার পাওয়ার তালিকায় আরেকটি নতুন নাম যুক্ত হলো, কলকাতার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নাম।
কলকাতায় ফুটবলের জনপ্রিয়তা সম্ভবত ক্রিকেটকেও ছাপিয়ে গেছে। নতুন করে গড়ে ওঠা আইসিএলে সাফল্য পাচ্ছে কলকাতার দল। এমন অবস্থায় মমতা ব্যানার্জির জন্য উপহার পাঠিয়েছেন মেসি। নিজের বার্সেলোনার জার্সি (১০ নম্বর(, যার পিঠে মেসির বদলে লেখা দিদি। শুধু জার্সি দিয়েই ক্ষান্ত হননি, নিজের হাতে দিতে না পারায় এক লাইনের ছোট একটি বার্তাও দিয়েছেন, ‘আমার বন্ধু দিদির জন্য শুভ কামনা, মেসি।’
গত সপ্তাহে বার্সেলোনা লিজেন্ডরা ভ্রমণ করে গিয়েছেন কলকাতা। সেখানে মোহনবাগান ক্লাবের সঙ্গে একটি ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হয়েছিলেন তারা। তাদের হাত ধরেই সুদূর স্পেন থেকে ভারতে এসে পৌঁছেছে এই উপহার। ম্যাচ শেষে বার্সেলোনা লিজেন্ড হুলিয়ানো বেনেত্তি ও জেরি লিটম্যানেন ফুটবল ফাউন্ডেশনের প্রধান কৌশিক মল্লিকের হাতে জার্সিটি তুলে দেন। ফুটবল ফাউন্ডেশনের প্রধান কৌশিক মল্লিক বলেছেন, ‘তারা কাছে সরাসরি জার্সি দিতে পারেনি, তাই আমাদের কাছেই দিয়ে গেছেন। আমরা মুখ্যমন্ত্রীর অফিসের সঙ্গে যোগাযোগ করেছি। যখনই আমাদের সঙ্গে মিস ব্যানার্জি দেখা করতে রাজি হবেন, আমরা তাঁর হাতে জার্সিটা তুলে দেব।’
২০১৭ সালের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ আয়োজন ছিল ভারতের ইতিহাসে প্রথম কোনো ফিফা টুর্নামেন্ট আয়োজন করা। সে আয়োজন সুন্দরভাবে সম্পন্ন করার জন্যই এই জার্সি উপহার দিয়েছেন লিওনেল মেসি।