ময়েসের সেরা স্পেন

ক্যারিয়ারের পুরোটাই কাটিয়েছেন ইংল্যান্ডে। দীর্ঘদিন এভারটনের কোচ ছিলেন, পরে ম্যানচেস্টার ইউনাইটেডে এসে কাটালেন ভুলে যাওয়ার মতো ১০টি মাস। ডেভিড ময়েস এবার ইংল্যান্ড ছেড়ে পাড়ি জমিয়েছেন স্পেনে, লা লিগার দল রিয়াল সোসিয়েদাদের দায়িত্ব নিয়েছেন। হঠাৎ করে স্পেনে কেন গেলেন, ব্রিটিশ কোচরা যেখানে কালেভদ্রে যান? ময়েস জানিয়েছেন, বিশ্বের সেরা লিগে কোনো দলের দায়িত্ব নেওয়ার চ্যালেঞ্জটাই তাঁকে অনুপ্রাণিত করেছে। সোসিয়েদাদের অবশ্য একটু ব্রিটিশ কোচ প্রীতি আছে। এর আগে তিনজন ব্রিটিশ কোচ পেয়েছে দলটি।
ইংল্যান্ডেরও কোনো ক্লাব না খুঁজে স্পেনে যাওয়ার একটা কারণ নিজেই জানিয়েছেন ময়েস, ‘আমার কাছে ইংল্যান্ডের বেশ কয়েকটি ক্লাবের প্রস্তাব ছিল। অন্য দেশের আরও কয়েকটি ক্লাবের সঙ্গেও আমার কথা হয়েছে। তবে আমার মনে হয়েছে সোসিয়েদাদই আমার জন্য ঠিক ক্লাব।’ বেশির ভাগ ব্রিটিশেরই ধারণা, ধারেভারে ইংলিশ লিগই বিশ্বের সেরা। ময়েসের ধারণা আবার অন্য রকম, ‘লা লিগায় বিশ্বের সেরা বেশ কিছু খেলোয়াড় ও বেশ কিছু কোচ আছে। আমি নিজেকে সেরাদের বিরুদ্ধে বাজিয়ে দেখতে চাই।’
নতুন পরিবেশে, আলাদা মেজাজের লা লিগার সঙ্গে ময়েস খাপ খাইয়ে নিতে পারেন কি না, সেটা বলবে সময়। তবে চ্যালেঞ্জটা আরও বড় হয়ে যাচ্ছে সোসিয়েদাদের সঙ্গিন অবস্থার কারণে। লা লিগার দলটা যে অবনমনের শঙ্কায় পড়ে গেছে! ময়েস জানাচ্ছেন, সিদ্ধান্তটা ইউনাইটেডের পূর্বসূরি স্যার অ্যালেক্স ফার্গুসনের সঙ্গে আলোচনা করেই নিয়েছেন, ‘আমি ওনার কাছে জানতে চেয়েছিলাম, “আমার সামনে এই দরজাগুলো খোলা, আমি কী করব?” তিনিই আমাকে এটার কথা বললেন। আমার নিজেরও এ রকমই মনে হচ্ছিল, অ্যালেক্সও বলেছেন এটা আমার জন্য দারুণ সুযোগ হতে পারে।’ দেখা যাক, ম্যানচেস্টার ইউনাইটেডের পরিত্যক্ত ৫১ বছর বয়সী স্কটিশ কোচ স্পেনে সফল হতে পারেন কি না। এএফপি।