মরণেও তাঁরা করিন্থিয়ানস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন লোচের বিখ্যাত সিনেমা লুকিং ফর এরিকের সেই বিখ্যাত সংলাপটার কথা মনে আছে? ‘তুমি তোমার স্ত্রীকে বদলে নিতে পারো, রাজনৈতিক দল বদল করতে পারো, পরিবর্তন করতে পারো ধর্মও, কিন্তু প্রিয় ফুটবল দলটাকে কখনো ছেড়ে যেতে পারো না। কোনো দিন না।’ ফুটবল দল আর সমর্থকের সম্পর্ক কত গভীর হতে পারে, সেটা বোঝানোর জন্য এর চেয়ে ভালো যেন আর কিছু হয় না। এই ভালোবাসার আসলেই কি কোনো তুলনা আছে? এমন পাঁড় সমর্থকদের কথা মনে রেখে বিশ্বজুড়ে অনেক ফুটবল ক্লাবই নিয়েছে দারুণ সব উদ্যোগ। ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়ানসই বা পিছিয়ে থাকবে কেন! সমর্থকদের জন্য সমাধিক্ষেত্র বানানোর উদ্যোগ নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। চিরনিদ্রায় শায়িত হয়েও যেন সমর্থকেরা বোঝাতে পারেন ক্লাবের প্রতি তাঁদের ভালোবাসা।
অভিনব এই উদ্যোগটা আসলে প্রথমে নিয়েছিল আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্স। ২০০৬ সালে বোকার সমর্থকদের জন্য নিজস্ব একটা সমাধিক্ষেত্র বানিয়ে সাড়া ফেলেছিল তারা। পরে এই পথ অনুসরণ করেছে জার্মান ক্লাব হামবুর্গ ও শালকেও। এদের পথ ধরেই এবার সমর্থকদের জন্য নিজস্ব সমাধিক্ষেত্র করছে করিন্থিয়ানস। আগামী বছর উদ্বোধন হতে যাওয়া এই সমাধিক্ষেত্রের ধারণক্ষমতা হবে ৭০ হাজার। প্রতিটি সমাধির জন্য খরচ পড়বে সাড়ে চার হাজার থেকে সাত হাজার ৮০০ ব্রাজিলিয়ান রেইস। আগেই প্রয়াত ক্লাব কিংবদন্তিদের সমাধিও এখানে সরিয়ে আনার কথা ভাবছে করিন্থিয়ানস। এএফপি।